গত শতাব্দীর সত্তরের দশক থেকে অনবদ্য অভিনয় দিয়ে ভারতের সিনেমাজগতে নিজের বিশেষ স্থান করে নেন দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবি। পরে ১৯৮০ সালের দিকে বেশকিছু ব্লকবাস্টার সিনেমা দিয়ে ব্যাপক তারকাখ্যাতির চূড়ায় পৌঁছেন চিরঞ্জীবি। তার পরই নব্বইয়ের দশকে গিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার তালিকায় উঠে যায় তার নাম।

এসব মিলিয়ে একসময় তাকে আখ্যা দেয়া হয় ‘বচ্চনের চেয়েও বেশি’ পারিশ্রমিক পাওয়া তারকা হিসেবে। সম্প্রতি পুরনো একটি ইংলিশ ম্যাগাজিনের কভারে ছাপা চিরঞ্জীবির ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইন দুনিয়ায়। সেটা ছিল ১৯৯২ সালের ১৩ সেপ্টেম্বরের সংখ্যা। সেখানে দাবি করা হয়, একটি সিনেমার জন্য ১ কোটি ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। এমন অবস্থায় তার পারিশ্রমিক ‘বচ্চনের চেয়েও বেশি’ হিসেবে অভিহিত করা হয়।

নব্বইয়ের দশকে বাণিজ্যিক ব্লকবাস্টারে কাজ করে চিরঞ্জীবির অবস্থান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো দৃঢ় হয়ে যায়। আর সেটাই তার একটি শক্তি হিসেবে থেকে যায় পরবর্তী ৩০ বছর। তার বিখ্যাত সব সিনেমার মধ্যে রয়েছে ‘কনডাভেতি ডঙ্গা’, ‘জাগাদেকা ভিরুদু আথিলোকা সুন্দরী’, ‘কোদামা সিমহাম’, ‘গ্যাং লিডার’, ‘আপদবান্দাভুদু’ ও ‘মুথা মায়েস্ত্রি’। 

২০১৯ সালে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেন চিরঞ্জীবি। ইতিহাসভিত্তিক সিনেমা ‘সায়ে রা নারাসিমহা রেড্ডি’তে অভিনয় করেন এ দুই অভিনেতা। সেখানে চিরঞ্জীবির মেন্টরের চরিত্রে অভিনয় করেন বিগ বি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তেলেগু এক নেতার বিদ্রোহের সত্যিকারের ঘটনা অবলম্বনে বানানো হয় সেই সিনেমা।

নিজের ক্যারিয়ারে এখনো বেশকিছু কাজ হাতে রয়েছে চিরঞ্জীবির। তার মধ্যে সবচেয়ে প্রত্যাশিত সিনেমাটির নাম ‘গডফাদার’। সেটা মালয়ালম জনপ্রিয় সিনেমা লুসিফারের রিমেক। এ অভিনেতার জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। সেখানে চিরঞ্জীবিকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। সিনেমাটির তেলেগু রিমেক পরিচালনা করছেন মোহন রাজা।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস