গত ঈদে নতুন নাটক প্রচারের সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। কিন্তু এবার ঈদুল আজহা উপলক্ষে সে তুলনায় স্বাস্থ্যবিধি মেনে নির্মাতা ও শিল্পীরা বেশকিছু নতুন ঈদ নাটকের কাজ করছেন। ঈদের জন্য তরুণ নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন ‘হ্যালো জিনিয়াস’। নাটকটি রচনা করেছেন মুরাদ আহমেদ। এতে মুমতাহিনা চৌধুরী টয়ার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

এরই মধ্যে রাজধনীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গ মনোজ প্রামাণিক বলেন, ‘নাটকটির গল্প খুব চমত্কার। যে কারণে কাজটি করতে বেশ ভালো লেগেছে। হিমি ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম আমার কাজ করা। বেশ গুছিয়ে অনেক যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। আশা করছি নাটকে টয়ার সঙ্গে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে।’

অভিনেত্রী টয়া বলেন, ‘মনোজের সঙ্গে এক বছর পর এবং হিমির নির্দেশনায় দুই বছর পর কাজ করলাম। খুব ভালো একটি কাজ হয়েছে।’ ‘হ্যালো জিনিয়াস’ নিয়ে অনেক আশাবাদী নির্মাতা হিমি। নাটকটি ঈদে আরটিভিতে প্রচারিত হবে।