২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ। বুধবার নায়িকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এ মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই। এবার অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে যুক্ত হয়েছে জ্যাকুলিনের নাম। মামলার জের অভিনয় ক্যারিয়ারে হুমকির মুখে পড়েছেন এ নায়িকা। বলিউডের অনেকেই তাকে বয়কট করেছে।
সম্প্রতি এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন একজন নির্মাতা। এর আগেও তিনি জ্যাকুলিনের সঙ্গে কাজ করেছেন। তবে এবার নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ না করে এ নির্মাতা জানিয়েছেন, বর্তমান সময়ে একাধিক সিনেমা থেকে বাদ দেয়া হচ্ছে জ্যাকুলিনকে। তিনি বলেন, ‘বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে জ্যাকুলিনের ক্যারিয়ার। একের পর এক সিনেমা থেকে বাদ দেয়া হচ্ছে তাকে। বচ্চন পান্ডে আর বিক্রান্ত রোনার মতো সিনেমাগুলোয় তাকে দেখা গিয়েছে, কারণ সেগুলো পুরনো প্রজেক্ট। মূলত নায়িকার অবস্থানের অনিশ্চয়তা বিবেচনা করেই এখন কেউ জ্যাকুলিনের সঙ্গে নতুন কাজ নিয়ে চুক্তিবদ্ধ হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘যেহেতু মামলা করা হয়েছে তাই অনেকেই মনে করছেন যেকোনো সময়েই গ্রেফতার হতে পারেন এ অভিনেত্রী। এ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, মামলার ধাক্কা সামলে পুরোদমে ক্যারিয়ারে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এটা সত্যিই দুঃখজনক। জ্যাকুলিনের একজন নারী সহকর্মী বলেছেন, না বুঝেই অর্থনৈতিক ঝামেলার মুখোমুখি হয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।’
বর্তমানে জ্যাকুলিনের বিলাসবহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন উঠেছে। মামলায় বলা হচ্ছে, সুকেশের চাঁদাবাজির প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন অভিনেত্রী, যার মধ্যে ৭ কোটি রুপির বেশি সম্পত্তি এরই মধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।
সূত্র: বলিউড হাঙ্গামা










