এরই মধ্যে অভিনয় আর গ্ল্যামার দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এবার ভক্তরা জানলেন তার নতুন গুণের কথা। শিল্প-চিত্রকর্ম নিয়ে বেশ উৎসাহী জাহ্নবী।

জাহ্নবী সম্প্রতি তার ইনস্টাগ্রামে ভক্তদের কাছে নিজের শিল্পী পরিচয়টি তুলে ধরেছেন। তার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি একজন নারীর প্রতিকৃতি আঁকছেন এবং সেটা আধুনিক রীতিতে। আর পাশে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটি সম্পূর্ণ চিত্রকর্ম। জাহ্নবির গায়ে মানানসই বহুরঙা আলখাল্লা।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, জাহ্নবি তার শেষ করা কয়েকটি চিত্রকর্মের সঙ্গে বসে আছেন। ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন একটি প্রশ্নও—আমি কি এবার নিজেকে চিত্রশিল্পী বলতে পারি?

জাহ্নবীর প্রশ্নের জবাব দিতে তার ভক্তরা দেরি করেননি। প্রায় সবাই বলেছেন, হ্যাঁ, জাহ্নবী অবশ্যই নিজেকে শিল্পী বলতে পারেন। এমনকি মন্তব্য করেছেন অভিনেত্রী দিয়া মির্জাও। তিনি জাহ্নবীকে তার মা শ্রীদেবীর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘মায়ের মতো মেয়েও। আঁকতে থাকো!’

কাজের ক্ষেত্রে এ মুহূর্তে জাহ্নবীর হাতে আছে বেশ কয়েকটি ছবি। সামনে তাকে দেখা যাবে করণ জোহরের দোস্তানা টু এবং ঐতিহাসিক গল্প অবলম্বনে বড় বাজেটের ছবি তাখতে। এছাড়া আনন্দ রাইয়ের গুড লাক জেরি ছবিতেও কাজ করবেন তিনি।

 

সূত্র: ডিএনএ