সম্প্রতি সালমান খান আত্মরক্ষার জন্য মুম্বাই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছিলেন। গতকাল ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেল, বলিউডের ভাইজান সে লাইসেন্স পেয়েও গেছেন। মাসখানেক আগে লরেন্স বিষ্ণোই গ্রুপ তাকে হত্যার হুমকি দেয়ার পর থেকে ধীরে ধীরে নিজের এবং বাড়ির সবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন সালমান খান।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিষয়টি দ্রুত অনুমোদনের জন্য সালমান খান কয়েকদিন আগে মুম্বাইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসালকারের সঙ্গে সাক্ষাৎ করেন। কিছুদিন আগে বান্দ্রায় তার বাড়ির বাইরে হুমকির চিঠি আসার পর পরই নিজের জীবনের নিরাপত্তার জন্য সালমান আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন।

গত ৫ জুন সকালে হাঁটতে বেরিয়ে সেলিম খান হুমকির চিঠি পান। তাতে লেখা ছিল, তোমাদের অবস্থা মুসেওয়ালার মতো করে দেব। পাঞ্জাবের রাজনীতিবিদ-গায়ক সিধু মুসেওয়ালা ২৯ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। উল্লেখ্য, এ খুনের পেছনে লরেন্স বিষ্ণোই গ্রুপ জড়িত বলে ধারণা করা হয়।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সালমানের আগেও ছিল। সে অস্ত্র দিয়েই তিনি ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন এবং তখন সে অস্ত্রের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এ ঘটনায় এখনো সালমানের বিরুদ্ধ মামলার কার্যক্রম চলমান।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস