মারভেল স্টুডিওর জনপ্রিয় সুপারহিরো অ্যান্ট ম্যানের তৃতীয় কিস্তি মুক্তি পেল আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একইদিন বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’।

মারভেলের ওয়েবসাইটে দেয়া হয়েছে ছবিটির ওভারভিউ। এবারের গল্পে অ্যান্টম্যান স্কট ল্যাংকে দেখা যাবে বন্দিশালা কোয়ান্টাম রেলমে প্রবেশ করতে। এবার স্কটের সঙ্গী হয়েছে তার মেয়ে কেসি। কোয়ান্টাম রেলেম থেকে যখন তারা ফেরার চেষ্টা করবে, তখনই পর্দায় আবির্ভাব ঘটবে সুপার ভিলেন ‘ক্যাং দ্য কনকোয়ারারের।

অ্যান্ট ম্যানের সবচেয়ে মজার দিক হলো এ সুপারহিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতোই। তার বিশেষ স্যুটের সঙ্গে থাকা হেলমেটটি তাকে সাহায্য করে পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিয়ন্ত্রণ করতেও।

পিটন রিডের পরিচালনায় এবারো অ্যান্ট ম্যান চরিত্রে অভিনয় করেছেন পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি, আর ক্যাং চরিত্রে জনাথন মেজর।

ক্যাংকে মোকাবেলা করে অ্যান্ট ম্যান কি শেষপর্যন্ত ফিরে আসতে পারবে, নাকি বন্দি হয়ে থাকতে হবে তাকেও? জবাব পেতে দেখতে হবে ছবিটি।