জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আতিয়া আনিসা। সম্প্রতি আমেরিকায় স্টেজ শোয় প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। আনিসা এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। তিনি জানান, আমেরিকার অভিজ্ঞতা অসাধারণ ছিল। প্রবাসী ভাই-বোনেরা যে ভালোবাসা দিয়েছে, তা আজীবন মনে রাখবেন।
দেশে ফিরেই তিনি পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। টেলিভিশন শো, স্টেজ শো ও নতুন গানের প্রস্তুতি সব একসঙ্গে সামলাচ্ছেন। এ সময়ই ‘বেস্ট প্রমিজিং সিঙ্গার’ হিসেবে একটি সংগঠন থেকে পুরস্কারও গ্রহণ করেছেন, যা তার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ঠিক এই সময়ই আনিসা প্রকাশ করলেন নতুন গান ‘তুমি একজন’। গানটি লিখেছেন প্রিয় গীতিকবি আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন তার অন্যতম প্রিয় শিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল। গানটিতে আনিসার সহশিল্পী হিসেবে থাকবেন মিলন। আনিসা বলেন, ‘গানটির শিরোনামই সুন্দর—তুমি একজন। আশা করি, আমাদের ডুয়েট গানটি শ্রোতা ও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমি আমার সাধ্যমতো গানটি গেয়েছি, যাতে এটি ভালোভাবে শ্রোতার কাছে পৌঁছায়।’
আনিসার ভক্তরা নতুন গানটির জন্য বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন। এর আগেও তার ‘মেঘবালিকা’ নাটকের ‘তুমি কি আমার’ গানটি শ্রোতাদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছিল। সে গানের সুরকার ছিলেন নাজির মাহমুদ আর গীতিকবি আহমেদ রিজভী।
এ সময় আনিসা শুধু নিজের গানের কাজেই সীমাবদ্ধ নন। তিনি নতুন সংগীতায়োজনে নিয়োজিত আছেন। সম্প্রতি রুনা লায়লার কণ্ঠে কোক স্টুডিওতে প্রকাশিত ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানে তার অবদানও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
গানটি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এবং এরই মধ্যে ভক্তদের মধ্যে এ নিয়ে বেশ উৎসাহের সৃষ্টি হয়েছে। আনিসা বলেন, ‘আমার সব ভক্তকে ধন্যবাদ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি তুমি একজন গানটি সবার মনে বিশেষ জায়গা করে নেবে।’










