টালিউড ও বলিউড অভিনেতা শাশ্বত চট্রোপাধ্যায়। গুলমোহর সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতের আলোচিত এ অভিনেতা। শাশ্বত চট্রোপাধ্যায় গল্প শুনেই রাজি হয়ে যান এ সিরিজে কাজ করতে। এর সঙ্গে বাংলাদেশে শুটিং করার ইচ্ছাটা মিলে যাওয়ায় দর্শক প্রথমবারের মতো দেশের কোনো কনটেন্টে দেখতে যাচ্ছেন তাকে।
শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে। সেটা হলো বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল, বাংলাদেশে। কাজ করতে রাজি হয়ে গেলাম।’
চরকি অরিজিনাল সিরিজ গুলমোহর নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন শাশ্বত। জানালেন, শাওকীদের টিম খুবই আত্মবিশ্বাসী। অভিনেতা বলেন, ‘শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন, কী করতে চান, কীভাবে করতে চান।’
৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গুলমোহর সিরিজের পোস্টার। জানানো হয়েছে সিরিজটি মুক্তির তারিখও। চরকিতে নির্মাতা শাওকীর প্রথম নির্মাণ মুক্তি পেতে যাচ্ছে ১৪ মে রাত ১২টায় (১৫ মে)। এটি তার পরিচালিত তৃতীয় সিরিজ।
মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরো একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ‘ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ নির্মাতার মুনশিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকের সামনে, সেটাই এখন দেখার পালা। আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এ সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর ফিরছেন পর্দায়।










