৬৯তম মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকোর সুন্দরী আন্দ্রে মেজা। সম্প্রতি ফ্লোরিডায় অনুষ্ঠিত চূড়ান্ত অনুষ্ঠানে মিস ইউনিভার্সের মুকুট ওঠে মেজার মাথায়। তৃতীয় মেক্সিকান হিসেবে তিনি এ সম্মান জিতলেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭৩ জন সুন্দরীর সঙ্গে প্রতিযোগিতা করে খেতাব জিতেছেন মেজা। মডেলিংয়ের পাশাপাশি মেজা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। লিঙ্গবৈষম্য ও সহিংসতা নিয়ে তিনি সোচ্চার। প্রতিযোগিতা চলাকালীনও তিনি এসব বিষয়ে বেশ শক্ত মন্তব্য করেছেন। ২৬ বছর বয়সী মেজা জন্মেছেন মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। তার পূর্বপুরুষদের আবার চৈনিক সংযোগ রয়েছে। মেজা ২০১৭ সালে চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েট হন।

মিস ইউনিভার্সের খেতাব জেতার পর আন্দ্রে মেজা বলেন, ‘আরো ৭৩ জন অসাধারণ নারীর মধ্য থেকে নির্বাচিত হতে পেরে আমি খুবই খুশি। মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরা একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। আগামী দিনে আমি সমতার পক্ষে কাজ করে বিশ্ববাসীর সেবা করতে চাই।’

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্ত হওয়ার আগে মহামারীর কারণে বেশ কঠিন সময় যাচ্ছিল মেজার জীবনে। বেকার জীবন কাটছিল। কভিডের কারণে অর্থনৈতিকভাবেও চাপে ছিলেন। তার কথায় কভিড মহামারী পরিস্থিতি ঠিক কোনদিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে তিনি শঙ্কায় ছিলেন।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মেজা একজন অ্যাক্টিভিস্টও। তিনি স্থানীয় মিউনিসিপাল ইনস্টিটিউট ফর ওমেনের সঙ্গে কাজ করেন। সংগঠনটি নারীর প্রতি সহিংসতা হ্রাসে কাজ করে।

মডেলিংয়ের পাশাপাশি মেজা সার্টিফায়েড মেকআপ আর্টিস্ট। এসবের সঙ্গে তিনি আবার তার হোমটাউন চিহুয়াহুয়ার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মডেলদের লাইফস্টাইল বেশ নিয়ন্ত্রিতই হয়। মেজাও তার ব্যতিক্রম নন। তিনি স্বাস্থ্যসচেতন নারী। খাবারের মধ্যে তিনি খান মেক্সিকান নিরামিষ। পাশাপাশি খেলাধুলায় সময় দেন—র্যাপেলিং ও স্যান্ড বোর্ডিং তার পছন্দের স্পোর্টস।

মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলাকালীন মেজা কথা বলেছেন সৌন্দর্য এবং এ ধারণা কী করে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় তা নিয়ে। আন্দ্রে মেজা বলেন, ‘আমরা এমন সমাজে বসবাস করি, যা অনেক বেশি অগ্রসর। সমাজ যখন এগোয় তখন আমরা আমাদের স্টেরিওটাইপগুলো নিয়েই এগোই। এখনকার দিনে সৌন্দর্য বলতে কেবল দেখার বিষয় নয়। আমার মতে, সৌন্দর্য কেবল আমাদের আত্মা থেকে বিচ্ছুরিত হয় না, এটা আমাদের হূদয়ে থাকে, আমাদের কাজেও প্রকাশ পায়। আপনি গুরুত্বপূর্ণ নন—এমন কথা কাউকে বলতে দেবেন না।’

মিস ইউনিভার্সের খেতাব জয়ের পর মেজা এখন নিউইয়র্কে বসবাস করার প্রস্তুতি নিচ্ছেন।

 

সূত্র: পিপল