ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি দেশে আসেন তিনি। নতুন সিনেমার জন্য তার ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এ নায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

রঙ্গনা পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেকে জানান দেয়ার জন্য ছোট পর্দায় নির্মাণ করেছেন বেশকিছু নাটক। প্রথম সিনেমায়ই পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এ নির্মাতা।

শাবনূরকে বেছে নেয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে রঙ্গনার গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এ সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’ রঙ্গনা সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি দুটি গান গাইবেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

এছাড়া ‘মাতাল হাওয়া’ সিনেমায় দেখা মিলবে শাবনূরের। তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। সিনেমাটি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘মাতাল হাওয়া সিনেমার গল্পটা ভীষণ ভালো লেগেছে। মনে মনে এমন একটি গল্প ও চরিত্রের খোঁজ করছিলাম। পরিচালক চয়নিকা চৌধুরী যেভাবে গল্পটা বলেছেন তাতে আমি মুগ্ধ। এছাড়া চিত্রনাট্য অনেকবার পড়ে আশ্বস্ত হয়েছি। আমার বিশ্বাস, এ সিনেমাও দারুণ কিছু একটা হবে। তাড়াহুড়া করতে চাই না। নিজেকে ফিটফাট করে পর্দায় আসব।’

এটাই মাহফুজ ও শাবনূরের জুটি হিসেবে প্রথম কাজ নয়। এর আগে মাহফুজ-শাবনূরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘চার সতীনের ঘর’ ও ‘কপাল’ সিনেমায়। তবে ২০০৬ সালে তারা জুটি বেঁধেছিলেন ‘বাঙলা’ সিনেমার মধ্যে দিয়ে। প্রায় দেড় যুগ পর আবার জুটি বাঁধছেন তারা। নব্বইয়ের দশকে রুপালি জগতে যাত্রা করেন শাবনূর। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘‌চাঁদনী রাতে’ সিনেমার মধ্য দিয়ে। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমাটি মুক্তি পায়।