সালমান শাহর সিনেমা মানেই নস্টালজিয়া। কেননা বাংলাদেশে অধিকাংশের শৈশব-কৈশোরের সিনেমাপ্রেম জড়িয়ে আছে সালমান শাহকে ঘিরে। নব্বইয়ের দশকে তার সিনেমা দেখেই বড় হয়েছেন অনেকে। গতকাল (১৯ সেপ্টেম্বর) ছিল সালমান শাহর জন্মদিন। বিশেষ এ দিনে তাকে স্মরণ করেছেন ভক্ত ও সিনেমা জগতের মানুষ। সাধারণ দর্শক কেবল নন, বর্তমানের জনপ্রিয় অভিনেতারাও তাকে দেখে উদ্দীপিত হয়েছেন। তারাও সালমান শাহকে স্মরণ করেছেন।
বাদ যাননি শাকিব খানও। ঢালিউডের এ শীর্ষ নায়ক সালমান শাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। কেননা ছোটবেলায় সালমান শাহর সিনেমা দেখতে শাকিব খানের হলে যাওয়া শুরু। সে কথা শাকিব এখনো স্মরণ করেন।
সালমান শাহকে স্মরণ করে শাকিব বলেন, ‘আমি যখন স্টুডেন্ট, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’
কথাটি সাম্প্রতিক নয়। ২০১৯ সালে ঢুলি কমিউনিকেসন্স আয়োজিত সালমান শাহ জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব এ কথা বলেছিলেন। মধুমিতা হলে অনুষ্ঠিত সেই আয়োজনে সালমানের জন্মদিনের কেক কেটেছিলেন শাকিব খান। এ বছর সালমান শাহর জন্মদিনে নায়ককে স্মরণ করে ভিডিও ক্লিপটি আপলোড করেছেন তিনি। এতে দেখা যায় সালমান শাহর জন্মদিন পালন করতে পেরে শাকিব আনন্দিত। তিনি বলেন, ‘আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে পারছি। তবে আমি আরো আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন।’
ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়াই সালমান শাহর বড় প্রাপ্তি বলে মনে করেন শাকিব খান। তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোর্ট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’
জন্মদিনে এ শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি সবাইকে উদ্দেশ করে সালমান শাহর জন্য দোয়া চেয়েছেন। শাকিব বলেন, ‘আজ এ শুভক্ষণে সালমান ভাইয়ের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। আপনারা যারাই তাকে ভালোবাসেন, প্রত্যেকেই দোয়া করবেন সালমান ভাই যেন ওপারেও সুখে থাকেন।’










