আফগানিস্তানের বিনোদন জগতের অন্যতম তারকা পপ স্টার আরিয়ানা সাইদ। তালেবানরা ক্ষমতা দখলের পর আরো অনেকের মতো আরিয়ানাও দেশ ছেড়েছেন। গতকাল অজানা অবস্থান থেকে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে তিনি ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ভীতু বলে আখ্যায়িত করেছেন।
এএনআইকে দেয়া এক সাক্ষাত্কারে আরিয়ানা সাইদ বলেছেন, ‘প্রেসিডেন্ট গনি কয়েকজন পাকিস্তানির হাতে আফগানিস্তানের ভাগ্য ছেড়ে গেছেন। আমি তার এ আচরণে খুবই অসন্তুষ্ট। তিনি আমাদের দেশ, জনগণ ও সামরিক বাহিনীকে রাস্তায় ফেলে রেখে গেছেন। নেতা ছাড়া আমরা লড়ব কীভাবে?’
আশরাফ গনির সমালোচনা করে আরিয়ানা আরো বলেন, ‘তিনি যা করেছেন, সেটা খুবই কাপুরুষোচিত। ১৫ আগস্ট আমরা আফগানিস্তান ছেড়ে আসি। সেদিনও তিনি ভাষণ দিচ্ছিলেন যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক ঘণ্টা পর তিনি গায়েব হয়ে গেলেন।
তালেবানরা যে গতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে, সেটা আরিয়ানার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। তালেবানদের বিরুদ্ধে পঞ্জশির উপত্যকায় প্রতিরোধ গড়ে তোলা আহমাদ মাসুদের প্রশংসা করেছেন তিনি। উল্লেখ্য, আহমাদ মাসুদ আফগানিস্তানের বিখ্যাত তালেবানবিরোধী নেতা আহমাদ শাহ মাসুদের পুত্র। ‘পঞ্জশিরে যে প্রতিরোধ হচ্ছে, তা দারুণ সাহসের কাজ। আমি এর প্রশংসা করি। কিন্তু সঙ্গে আশঙ্কা হচ্ছে যে আফগানিস্তান আবারো গৃহযুদ্ধের চক্রে ঢুকতে যাচ্ছে, যা খুবই ভয়ানক। আমি চাই না, আমার দেশ আবারো এ সংকটে পড়ুক।’
বড় শক্তিধর দেশগুলোরও সমালোচনা করেছেন আরিয়ানা। বিশেষত যুক্তরাষ্ট্রের এভাবে আফগানিস্তান ছেড়ে যাওয়া নিয়ে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের পরিস্থিতি নজরে রাখার অনুরোধ করেছেন।
সূত্র: ডিএনএ









