সিনেমায় সাজ্জাদ হোসেনের অভিষেক হয় ‘এমআর নাইন-মাসুদ রানা’র মাধ্যমে। এবার ‘হাফ মুন’ নামের নতুন সিনেমায় দেখা যাবে তাকে। যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ফায়েজ আহমেদ। তিনিও প্রথমবার দেশে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।
সাজ্জাদ তার আসন্ন সিনেমাটি নিয়ে বলেন, ‘এমআর নাইন-মাসুদ রানা’র মাধ্যমে আমার সিনেমায় পথচলা শুরু। চরিত্র ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাই বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। এজন্য অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে মানানসই করতে প্রস্তুতি চলছে। আশা করব পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।’
লন্ডনের নিউহ্যাম সিক্সফোম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়াশোনা করা তরুণ নির্মাতা ফায়েজ জানান। এর আগে হলিউডের প্রডাকশনে ‘পারছি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। নির্মাতা ফায়েজ জানান, তার নতুন সিনেমা ‘হাফ মুন’ নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। তবে সেটিকে খানিকটা ভিন্ন আঙ্গিকে সিনেমাটিকভাবে প্রেজেন্ট করা হবে পর্দায়। যেখানে কোনো অ্যাকশন না থাকলেও এক ধরনের থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা ও পারিবারিক গল্প খুঁজে পাবে দর্শক, যা সবাই সহজে কানেক্ট করতে পারবে।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। গত বুধবার যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা সিনেমাটির একটি পোস্টার। পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। তবে একজনের অর্থাৎ শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা। এর কারণ এ সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছে সে নিয়ে রহস্য ধরে রাখছেন নির্মাতা। ‘হাফ মুন’ সিনেমাটি ইংরেজি ও বাংলা দুই ভার্সনে নির্মিত হবে। এর স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। এছাড়া এর বাংলা ভার্সনে কাজ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের দিকে শুরু হবে দৃশ্যধারণ, চলবে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়।










