আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে কমিক্স প্রকাশনা উৎসব ও কার্টুন প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। কার্টুন পিপলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এ কার্টুন পিপল ফেস্টিভ্যাল। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আয়োজক সংগঠন কার্টুন পিপল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর কার্টুন পিপল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর আয়োজিত হবে এ উৎসব। রাজধানীর তেজগাঁওয়ে বীর উত্তম মীর শওকত সড়কের গুলশান লিংক রোডের ২০৪/বি-তে অনুষ্ঠিত হবে এটি। মাল্টিমিডিয়া কিংডমের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন উন্মাদ পত্রিকার সম্পাদক, কার্টুনিস্ট আহসান হাবীব। স্পেস পার্টনার হিসেবে রয়েছে মোড়।
কমিক্সের পাশাপাশি তিন দিন জুড়ে থাকছে কার্টুন, ক্যারিক্যাচার, ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী। এছাড়া থাকছে ফ্রি লাইভ ক্যারিক্যাচার, আর্টিস্ট মিট আপ এমনকি ওয়ার্কশপও। সেরা প্রদর্শনীদের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।
উৎসবে একাধারে চলবে ৪টি প্রদর্শনী। এগুলো হলো- হুমায়ুন হিরোস: কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট অমর সকল চরিত্রের ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী। বিজ্ঞানী বসু দেশী ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী-১০। ফাইট অ্যাগনেসট করোনা কার্টুন প্রদর্শনী: কভিড-১৯ মহামারীকালে জনসচেতনতা তৈরিতে আঁকা কার্টুন প্রদর্শনী। ক্যারিক্যাচার প্রদর্শনী: বাংলাদেশের ব্যান্ড মিউজিক তারকাদের ক্যারিক্যাচার প্রদর্শনী।










