ভারতের জনপ্রিয় রেডিও জকি ও উপস্থাপক মীর আফসার আলী দীপ হালদার নামের থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় এক শিশুকে রক্ত দিয়েছেন। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। এতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের এ উপস্থাপক। জানা যায়, দীপ হালদার পশ্চিমবঙ্গের সোনারপুরের বাসিন্দা। ছোট থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। দাদা ও দাদির কাছেই মানুষ হয়েছে সে। দাদা রিকশা চালান। দাদি মানুষের বাড়িতে কাজ করেন। থ্যালাসেমিয়ার কারণে কয়েক মাস পরপর তার রক্তের প্রয়োজন হয়। গত বছর লডকাউনের সময় রক্ত না পেয়ে হেঁটে সোনারপুর থেকে কলকাতায় চলে আসেন দীপের দাদি। একটি সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এ ঘটনা জানতে পারেন মীর। ছুটে যান রক্ত দিতে। রক্ত দেয়ার ছবি সেই সেচ্ছাসেবী সংস্থার ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেই ছবিতেই মীরের এ মানবিক গুণাবলির প্রশংসা করেছেন নানাজন। তাপস দাস নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, আপনার মতো মানুষের বড্ড প্রয়োজন এ দুনিয়ায়। সুভেন্দু রায় লিখেছেন, একজন হালদার একজন আলী। দারুণ কম্বিনেশন। এভাবেই বেঁচে থাক মনুষ্যত্ব। সৌরভ তালুকদার নামে একজন লিখেছেন, চারদিকটা যখন গভীর অন্ধকারে নিমজ্জিত, তখন এমন গোটা কয়েক উজ্জ্বল নক্ষত্র আমাদের পথ দেখাচ্ছে।

আরেকজন থ্যালাসেমিয়া রোগীর মা সুমেলী চ্যাটার্জি লিখেছেন, আমার মেয়েও জন্মগত থ্যালাসেমিয়া রোগী। লকডাউনে সব বন্ধ। রক্ত জোগাড় করতে যে পাগলের মতো অবস্থা হয় আমি বুঝি। আমরা নিম্নমধ্যবিত্ত পরিবার। অসময়ে কেউ পাশে থাকে না। আমার মেয়ে আপনার ফ্যান। আপনার ভালো হোক মীরদা।