নেটফ্লিক্সের ‘দ্য রোমান্টিকস’ শোর মাধ্যমে
অনেকদিন পর ক্যামেরার সামনে এলেন পরিচালক-প্রযোজক ও ইয়াশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য
চোপড়া। ২১৭ মিনিটের এই প্রামাণ্যচিত্রে হাজির হয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান
খান, অমিতাভ বচ্চন, কাজলসহ অন্য শীর্ষ বলিউড সেলিব্রিটিরা।
অনুষ্ঠানে ইয়াশ চোপড়ার উত্তরাধিকারী আদিত্য
বেশ কিছু মজার তথ্য প্রকাশ করেছেন। যার অন্যতম ২০০৪ সালে হিট সিনেমা ‘ধুম’-এর বাজেট।
অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও উদয় চোপড়া
অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। সঙ্গে ছিলেন এশা দেওল ও রিমা সেন।
আদিত্য জানান, এই ছবির নায়ক-খলনায়কের পারিশ্রমিকের
চেয়ে বেশি খরচ হয়েছে অত্যাধুনিক বাইকের পেছনে।
আরো জানান সিনেমাটিতে কিছু নিরীক্ষা করেছিলেন।
আদিত্য চোপড়া বলেন, হিন্দি ছবির তিন স্তম্ভ নাটকীয়তা, আবেগ ও রোমান্স সরিয়ে দিতে চেয়েছিলাম।
এমন একটি ফিল্ম বানাতে চেয়েছিলাম যেখানে মনমোহন দেশাই ও মাইকেল বে’র ধরন মিলিত হবে।
সঙ্গে যোগ করেন, ‘ধুম’-এ আমি অভিষেক বচ্চন,
জন আব্রাহাম, উদয় চোপড়ার চেয়ে বাইকে বেশি টাকা খরচ করেছি!
বলিউডে ফ্র্যাঞ্চাইজি সিনেমার সংখ্যা তুলনামূলক
কম। ‘ধুম’-এর সাফল্যের পর আরো দুটি কিস্তি নির্মিত হয়। যেখানে অভিনয় করেন আমির খান,
হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মতো তারকারা।










