রোববার সন্ধ্যায় বলিউডের ইতিহাসে বৃহত্তম তহবিল সংগ্রহকারী কনসার্ট ‘আই ফর ইন্ডিয়া’ অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারী দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে জোয়া আখতার এবং করণ জোহরের উদ্যোগে অনুষ্ঠিত এই ভার্চুয়াল কনসার্টে অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, উইল স্মিথ, রণবীর সিং এবং রক কিংবদন্তি মাইক জ্যাগারের মতো বলিউড ও আন্তর্জাতিক খ্যাতিমান তারকারা অংশ নেন। ফেসবুকের মাধ্যমে সরাসরি প্রচারিত এই কনসার্টটির শুরুতে জোয়া আখতার এবং করণ জোহর ব্রিফিংয়ের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেন যে অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ ভারতের কভিড-১৯ রেসপন্স তহবিলে প্রদান করা হবে, যার উদ্দেশ্য করোনাভাইরাস  ফ্রন্টলাইনের কর্মীদের সাহায্য করা।

কনসার্টে প্রথম পারফরম্যান্স ছিল অক্ষয় কুমারের, যিনি ‘তুমসে হো নেহি পায়েগা’ শিরোনামে একটি কবিতা আবৃত্তি করেন। তিনি সবাইকে করোনাভাইরাসে আক্রান্তদের জীবন পরিবর্তনে যেভাবে সম্ভব সাহায্য করার জন্য অনুরোধ করেন।

আমির খান ও তার স্ত্রী কিরণ রাও ভক্তদের কভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বলেন। এই দম্পতি ‘আ চল কে তুঝে’ এবং ‘জিনা ইসি কা নাম হ্যায়’ নামক দুটি গানও গেয়েছিলেন।

কভিড-১৯ তহবিল সংগ্রহকারী এই কনসার্টটিতে শঙ্কর-এহসান-লয় নিজেদের বাড়ি থেকে ‘সেনোরিতা’ এবং ‘গাল্লা গুরিয়া’ গান দুটি গেয়ে শোনান। এছাড়া শ্রেয়া ঘোষাল, পাপন, সুনিধি চৌহান, হর্ষদীপ কৌর, বাদশাহর মতো গায়করা তাদের জনপ্রিয় গানগুলো গেয়েছেন।

মাধুরী দীক্ষিত তার ছেলে অরিনের সঙ্গে পিয়ানো বাজিয়ে এড শিরানের ‘পারফেক্ট’ গানের মনোমুগ্ধকর পরিবেশনা করেন।

হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক কনসার্টের সময় নিজের বার্তাতে বলেন: ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পুরো বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।’

অমিতাভ বচ্চন এবং চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার বলিউডের দুই আইকনিক অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের প্রতি শ্রদ্ধা জানান।

কারিনা কাপুর ও সাইফ আলি খান দর্শকদের লকডাউনের সময় নিজেদের পরিবারকে সময় দেয়ার পরামর্শ দেন।

হলিউড তারকা উইল স্মিথ একাধিকবার ভারত সফর করেছেন। তিনি বলেন, ‘ভারত আমার জন্য নিজের বাড়ি থেকে দূরে আরেকটি বাড়ির মতো।’ তারপর তিনি দিনমজুররা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে কথা বলেছেন।

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত পারফরম্যান্স ছিল সবার শেষে। তার সঙ্গে ছেলে আব্রামকেও দেখা গিয়েছে।

 

সূত্র: এনডিটিভি