দেশের ইতিহাস ও আবহমান সংস্কৃতির একটি অংশ জুড়ে আছে সার্কাস শিল্প। মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমায় সে বিষয়টি উঠে এসেছে। নিজের সার্কাস দল নিয়ে সংগ্রামী এক নারীর গল্প নিয়েই এ সিনেমা। যে নারীর নাম বিউটি আর এ চরিত্রতেই অভিনয় করেছেন জয়া আহসান। বিউটি সার্কাসের শুরু হয়েছে জয়ার ভয়েসওভার দিয়ে। তার কণ্ঠ যেন এ সিনেমার রহস্যকেই ইঙ্গিত করছিল। সিনেমার গল্পটা বানিয়াশান্তা নামক গ্রামের, যেখানে এক মাসের জন্য তাঁবু গেড়েছে বিউটি সার্কাস নামের একটি সার্কাস দল যার মালকিন বিউটি।
সার্কাস দলের মালকিন ও সমাজের কিছু মানুষের রহস্য ঘেরা জীবন নিয়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে এ সিনেমার গল্প। সার্কাসের নানা কসরতের দৃশ্যগুলো এ সিনেমাকে প্রাণবন্ত করে তুলেছে। সিনেমার শুরুতেও দর্শকের জন্য ছিল এমন একটি দৃশ্য, যেটি পর্দায় আসতেই হলের দর্শক রীতিমতো শিস বাজিয়ে তালি দিয়ে আনন্দ করেছে। ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেছেন তাদের অনেকেই প্রশংসা করেছেন সিনেমার। দর্শকদের মতে, ফুরফুরে আমেজে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা বিউটি সার্কাস। এতে প্রতিটি চরিত্র প্রশংসা পাওয়ার মতো।
সার্কাস দলের মালকিনরূপী জয়া আহসান তার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ করেছেন এ সিনেমায়। সার্কাসের নানা কসরত পর্দায় নিপুণভাবে তুলে ধরতে বাস্তবেও তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। জয়ার দুর্দান্ত কসরতগুলো ভালো লাগতে বাধ্য। বিউটি চরিত্রের সংগ্রাম, দুঃখ, ক্ষোভ আর ভালোবাসা সবকিছুই প্রকাশ পেয়েছে জয়ার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে।
এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র রংলাল। এ চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এর আগের ঢাকা অ্যাটাক সিনেমায় পুলিশ অফিসার হিসেবে দেখা গেলেও বিউটি সার্কাসে তিনি রোমিও রূপেই দেখা দেবেন। বিউটিকে ভালোবাসে রংলাল, তবে এখানেই চরিত্রটা শেষ নয়। সমাজের ন্যায়নীতির বিষয়গুলো দেখানোর জন্য বেশ সচেতনভাবেই তার চরিত্রটি উপস্থাপন করা হয়েছে। রংলাল আর বিউটির রসায়ন পর্দায় আনন্দ দিয়েছে দর্শককে।
এতে গুণী অভিনেতা তৌকীর আহমেদ নবাব চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটা তার বিভিন্ন কর্মকাণ্ড এ সিনেমার রহস্য আর হাস্যরসের ভারসাম্য এনেছে। জমিদারের নাতি মির্জা মোহাম্মদ বখতিয়ারের চরিত্রে নজর কাড়া অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। অন্যদিকে প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুও বিউটি সার্কাসের ম্যানেজার স্যামের চরিত্র অসাধারণ কাজ করেছেন। বিউটির সঙ্গে তার সাবলীল সুন্দর সম্পর্ক দর্শক ভালোভাবেই নিয়েছে, সেটা বোঝা যাচ্ছিল যখন এ সিনেমায় স্যাম মারা যায়। জয়ার কষ্ট ভর করেছিল দর্শকের মাঝেও। অন্যদিকে গাজী রাকায়েত আর শতাব্দী ওয়াদুদ তারা নিজেদের চরিত্রের জায়গা থেকেই ভালোভাবে অভিনয় করেছেন। এ দুই চরিত্র দর্শককে বিভিন্ন সময়ে নানা আবহের মধ্য দিয়ে নিয়ে যাবে, যার উত্তর আছে এ সিনেমার গল্পেই।
বিউটি সার্কাসে সংলাপগুলো অসাধারণ। সিনেমার কোনো সংলাপ দেখেই অপ্রয়োজনীয় মনে হয়নি। চরিত্রগুলোর গভীরতা কিংবা স্বচ্ছতা তুলে ধরতে মেকআপ আর লুক ছিল মানানসই। এ সিনেমার বেশির ভাগ দৃশ্যেই মেকআপবিহীন জয়াকে দেখা গিয়েছে। বিউটি তার ছোট বেলার অতীতের ক্ষত দূর করতে খুঁজে চলেছেন নাদের মোল্লা নামের একজনকে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করায় নাদের মোল্লা পর্দার বিউটির বাবা-মাকে হত্যা করেছে। এরপর থেকেই বিউটি খুঁজে চলেছে নাদেরকে। বানিয়াশান্তা গ্রামে আসার পেছনে তার মূল উদ্দেশ্য নাদেরকে খুঁজে বের করা, সেটা সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পরই স্পষ্ট হয়ে ওঠে।
বিউটি সার্কাসের সিনেমাটোগ্রাফি সুন্দর। পর্দার প্রতিটি দৃশ্য আলাদা করে তারিফ পাওয়ার যোগ্য, দড়ির ওপর বিউটির খেলা কিংবা পুড়ে যাওয়া সার্কাসের তাঁবু ক্যামেরার কারসাজি বেশ ভালোভাবেই উতরে গিয়েছে এ সিনেমা। বিউটি সার্কাসে রঙের ব্যবহার ছিল সাবলীল। সার্কাসের মাঠের রঙ কিংবা স্নিগ্ধ সকালে ভোরের আমন্ত্রণ সবটাই মানানসইভাবে দেখানো হয়েছে, অতিরঞ্জন কিংবা পানসে ভাব এনে ক্যামেরার ভারসাম্যের সঙ্গে দর্শকের মনের দোলাচল হেরফের এখানে করা হয়নি। বিউটির
অতীতের গল্পের সুর ধরেই সমাজের ভেদাভেদ আর সন্ত্রাসবাদের চিত্র খুব যোক্তিকভাবেই দেখানো হয়েছে।
সার্কাসের মানুষের টিকে থাকার সংগ্রাম ও তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এ সিনেমায় স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। বিউটি সার্কাস থ্রিলিং এলিমেন্টেও ভরপুর ছিল। সিনেমার শেষ দিকের টুইস্টটা ছিল অনবদ্য। ধর্মের নাম করে সন্ত্রাসবাদ সমাজকে কলুষিত করছে, সেটি এ সিনেমায় বোঝানো হয়েছে। ন্যায় আর অন্যায়ের একটা মানদণ্ড আপনা থেকেই তুলে ধরা হয়েছে দর্শকের সামনে। এর সঙ্গে দেখানো হয়েছে স্বাধীনতার গুরুত্ব। মূলত সার্কাসের দলের এক নারীর জীবন সংগ্রামের গল্পের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ বিরোধী ভেদাভেদহীন সমাজের কথাই ইঙ্গিত করেছে বিউটি সার্কাস। এ সিনেমার শেষদিকে বিউটিরূপী জয়া আকাশের নিচে সার্কাস দেখাতে গিয়ে বলেন, ‘এ আসমান বিউটি সার্কাসের তাঁবু, এ জমিনে আমাদের হক আছে। বিউটি সার্কাস আছে, বিউটি সার্কাস থাকবে।’ এ সংলাপের মধ্য দিয়ে নিজের দাবির পাশাপাশি শান্তিময় ভেদাভেদহীন সমাজের আহ্বান করা হয়েছে।










