বাংলা নববর্ষকে ঘিরে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে দীপ্ত টিভি এবং এর ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে। দর্শকদের জন্য টকশো, লাইভ অনুষ্ঠান, সিনেমা এবং নতুন ধারার কনটেন্টে সাজানো হয়েছে বৈশাখের দিনব্যাপী আয়োজন।

পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ টকশো ‘নতুনের কেতন ওড়ে’-তে উঠে আসবে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণের চিরন্তন বার্তা। অনুষ্ঠানে অংশ নেবেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। গৌরব সরকারের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুহানী সালসাবিল লাবণ্য। টকশোটি প্রচারিত হবে আজ রাত ১১টা ৩৫ মিনিটে।

পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল সকাল ৬টা ৪৫ মিনিটে ছায়ানট-এর বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে রমনা বটমূল থেকে, যা বাঙালির বৈশাখ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ।

এছাড়া দিনব্যাপী থাকছে জনপ্রিয় বাংলা সিনেমা প্রদর্শনী। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে মীর সাব্বির পরিচালিত চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামানসহ অনেকে। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দহন’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী ও জাকিয়া বারী মম।

Choddobeshi Valobasha1

মাইক্রোড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’। ছবি: দীপ্ত টিভি

অন্যদিকে, ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে-এ বৈশাখ উপলক্ষে যুক্ত হচ্ছে ভিন্নধর্মী চাইনিজ মাইক্রো ড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’ (ট্রু লাভ ইন ডিসগাইজ)। স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিকটির প্রতিটি পর্ব ১-৩ মিনিটের হয়ে থাকে। এটি মোবাইলভিত্তিক দর্শকদের জন্য বিশেষভাবে উপযোগী। দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং চমকপ্রদ মোড়ে ভরপুর এই কনটেন্ট এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। গোপন পরিচয়, ভুল বোঝাবুঝি এবং নিয়তির অদ্ভুত খেলায় গড়ে ওঠা এক প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ড্রামাটি বৈশাখের দিনে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনা করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

সব মিলিয়ে পহেলা বৈশাখে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে-এর আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠবে বৈচিত্র্যময় ও আনন্দঘন।