ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী শশী থারুর নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম—সবখানেই আলোচনায় থাকেন।
রাজনীতির পাশাপাশি তার লেখালেখি ও ইংরেজি ভাষাজ্ঞান, অপ্রচলিত শব্দের ব্যবহার নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই।
এমন শশী থারুর বলিউড সুপারস্টার সালমান খানকে বেশ পছন্দ করেন।
সালমানের অনেক ছবিও তার দেখা।
সম্প্রতি জানা গেল পছন্দের নায়ক সালমানের কাছ থেকে তার ছবিতে অভিনয়ের অফারও পেয়েছিলেন তিনি।
সম্প্রতি ২০১৮ সালে দেয়া শশী থারুরের একটি সাক্ষাত্কার ভাইরাল হয়েছে।
সেখানে কথায় কথায় সালমান খানের প্রসঙ্গ নিজেই টেনে নিয়ে কথা বলেছেন শশী।
আর এ সাক্ষাত্কারেই জানা গেল শশী থারুরকে নিজের সিনেমার অভিনয়ের অফার দিয়েছিলেন সালমান খান।
সাক্ষাত্কারে শশী থারুর বলেছেন, ‘সালমান খান তার এক ছবিতে আমাকে পররাষ্ট্রমন্ত্রীর চরিত্রে অভিনয়ের কথা বলেছিল।
আমি তো প্রথমে অবাক হয়েছিলাম সালমানের প্রস্তাব শুনে।
একবার ভেবেছিলাম রাজি হয়ে যাব।
কারণ সালমানকে আমার বেশ পছন্দ।
কিন্তু পরে এক বন্ধুর কথাতেই আমি সালমানকে না করে দিই।’
কেন সালমানের প্রস্তার ফিরিয়ে দিয়েছিলেন শশী থারুর? তিনি জানিয়েছেন, ‘আসলে সালমানের কাছ থেকে এ প্রস্তাব পাওয়ার খবর আমার এক বন্ধু জানতে পেরে আমাকে বলেছিল, যদি বাস্তবে পররাষ্ট্রমন্ত্রী হতে চাও, তাহলে এ সিনেমার অফার ফিরিয়ে দাও।
বন্ধুর এক কথাতেই আমি সিনেমার প্রস্তাবটা ফিরিয়ে দিই।
এর পরে অবশ্য একদিন বিমানের মধ্যে হঠাৎ সালমানের সঙ্গে দেখাও হয়েছিল।
আমি সেদিন সেলফি তুলতে ভুলিনি!’
শশী থারুরের সিনেমায় অভিনয় নিয়ে বাজারে এমনিতেই গুজব প্রচলিত আছে।
শোনা যায়, সালমান ও আমির খানের জনপ্রিয় কমেডি ছবি আন্দাজ আপনা আপনাতে নাকি একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল শশীকে।
অবশ্য তা একেবারেই এক অভিনেতার সঙ্গে চেহারার সাদৃশ্যের কারণে।
এ গুঞ্জনকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
তার কথায়, ‘এ ছবি মুক্তির সময় আমি ইংল্যান্ডে ছিলাম।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









