প্রিন্সেস ডায়ানার বায়োপিক স্পেন্সারের পর চিলির পরিচালক পাবলো ল্যারেইন তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন। এবারো তিনি বায়োপিক নির্মাণের দিকেই ঝুঁকছেন। এবার তিনি সিনেমা নির্মাণ করবেন বিখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসকে নিয়ে; সিনেমার নাম হবে ‘মারিয়া’। আধুনিক কালের বিখ্যাত নারীদের বায়োপিকে মনোযোগ দিচ্ছেন পাবলো। তারই প্রমাণ জ্যাকি ও স্পেন্সার ছবি দুটো। এবার নির্মাণ করবেন মারিয়া ক্যালাসের বায়োগ্রাফি আর মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। ২০২৩ সালের গ্রীষ্মে সিনেমার শুটিং শুরু হবে।

মারিয়া নির্মিত হবে সত্য বিবরণী থেকে, বিশেষত মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো নিয়ে। দুনিয়ার শ্রেষ্ঠ অপেরা গায়কদের একজন তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন প্যারিসে, সেটা ছিল ১৯৭০-এর দশক। সাফল্যের সঙ্গে সঙ্গে নানা ট্র্যাজেডিতে পূর্ণ ছিল মারিয়ার জীবন। আমেরিকায় জন্ম নেয়া এই গ্রিক শিল্পীকে বলা হতো ‘অপেরার বাইবেল’। পাবলো ল্যারেইনের আগের একটি সিনেমার সঙ্গেও মারিয়ার সংযোগ ছিল। গ্রিক শিপিং টাইকুন অ্যারিস্টটল ওনাসিসের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে এ ওনাসিস বিয়ে করেছিলেন জ্যাকি কেনেডিকে।

অপেরার বাইরে আমেরিকান সমাজ ও বিনোদন দুনিয়ায় নানা ঘটনায় আলোচিত হয়েছেন মারিয়া ক্যালাস। পঞ্চাশের দশকে ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সারা জীবন তিনি চোখের সমস্যায় ভুগেছেন, দূরের জিনিস ভালো দেখতে পেতেন না। সিনেমায় এসবই উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

মারিয়া সিনেমার চিত্রনাট্য লিখছেন পিকি ব্লাইডার্সের স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনা করবে ফ্যাবুলা পিকচার্স, অ্যাপার্টমেন্ট পিকচার্স।

মারিয়া ক্যালাসের চরিত্রে অভিনয় নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘মারিয়ার জীবন ও কিংবদন্তিকে তুলে ধরার দায়িত্ব আমি খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব তার সবটাই করব। পাবলো ল্যারেইনকে পরিচালক হিসেবে আমি আগে থেকেই পছন্দ করি। মারিয়ার গল্পটা ল্যারেইন ও স্টিভেন নাইটের সঙ্গে মিলে বলাটা আমার জন্য স্বপ্নের মতো।’

পরিচালক ল্যারেইন বলেছেন, ‘এ ছবিতে আমার দুটো ব্যক্তিগত প্যাশন একত্রিত করার সুযোগ পেয়েছি—সিনেমা ও অপেরা। এটা ছিল দীর্ঘদিনের একটা স্বপ্ন। আর অ্যাঞ্জেলিনার মতো সাহসী ও কৌতূহলী একজন শিল্পীর সঙ্গে কাজ করাটা অসাধারণ একটা সুযোগ। এটা আমার ক্যারিয়ারে একটা উপহার।’

বর্তমানে প্রযোজক হিসেবে জোলি তার পঞ্চম ছবি উইদাউট ব্লাডের পোস্ট প্রডাকশনের কাজ করছেন।

 

সূত্র: হলিউড রিপোর্টার