কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। দেশে ফিরেই তিনি ফিরেছেন শুটিং সেটে। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিশেষ নাটক ‘আনন্দধাম’-এ অভিনয় করেছেন। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। আনন্দধাম নাটকে আরো অভিনয় করছেন মিলি বাশার, রুকাইয়া জাহান চমক ও আরশ খান।
এ নিয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি যে নাটক নির্মাণের ক্ষেত্রে চয়নিকা চৌধুরী আমাদের দেশে অন্যতম নির্মাতা। কারণ গল্প নির্বাচনেও চয়নিকা ভীষণ চুজি। আমি যুক্তরাষ্ট্র থেকেও তার নির্দেশনা, তার নির্মিত নাটকের প্রশংসা শুনেছি। আনন্দধাম নাটকটি ছাড়া এখন নতুন কোনো নাটকের কাজ করছি না। আশা করছি নাটকটি দর্শকের মনে দাগ কাটবে।’
মিলি বাশার বলেন, ‘অনেক দিন পর হায়াত ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। চয়নিকার নির্দেশনা সবসময়ই ভীষণ পছন্দ আমার।’
নাটক প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘যাকে আমি বাবা বলেই ডাকি, তিনি আবুল হায়াত। নাটকে তার উপস্থিতি মানেই দর্শকের কাছে এক অন্যরকম ভালো লাগা, আর আমার কাছে ভীষণ তৃপ্তির-শান্তির একটি বিষয়। পাশাপাশি মিলি আপাও আছেন এ নাটকে। এ প্রজন্মের দুই শিল্পী চমক ও আরশও আছে। সব মিলিয়ে আনন্দধাম দর্শকের ভালো লাগার মতো একটি নাটক হয়েছে। আশা করছি, ভালো লাগবে দর্শকের। ধন্যবাদ মিলি খন্দকার, ধন্যবাদ নাট্যকার মাসুম শাহরিয়ারকেও।’ নাটকটির গল্প রচনা করেছেন মাসুম শাহরিয়ার। নাটকটি প্রযোজনা করেছেন মালা খন্দকার।










