ঢাকাই সিনেমার নায়ক আদর আজাদ। অল্প সময়েই দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। গত বছর সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। এ বছরের শুরুতেই দিলেন নতুন সিনেমার খবর। সে টিজার দিয়ে চমক দিলেন এ নায়ক। আগেই আভাস দিয়েছিলেন ১ জানুয়ারি চমক নিয়ে হাজির হবেন তিনি।
১ মিনিট ২৩ সেকেন্ডের প্রকাশিত টিজারে অ্যাকশন লুকে ধরা দেন ‘লোকাল’ এ নায়ক। সিনেমার নাম ‘লীলা’। টিজার থেকেই স্পষ্ট, সিনেমাটি পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা। এটি পরিচালনা করছেন আলোক হাসান। অ্যাকশন ড্রামা জনরার এ টিজারে মারমুখী চরিত্রে দেখা গেছে ঢাকাই সিনেমার আদর আজাদকে। এতে ভিন্ন রূপে ধরা দেবেন এ অভিনেতা। টিজারটি প্রকাশ্যে আসতেই বেশ প্রশংসা কুড়াচ্ছে। অ্যাকশন অবতারে দর্শক আদরকে লুফে নিয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে কে থাকছেন, তা শিগগিরই জানানো হবে বলে জানান নির্মাতা।
এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, এ সিনেমার অ্যাকশনে দর্শক নতুন কিছু পাবে। সেটা এরই মধ্যে সবাই টিজার দেখে বুঝেছে। তাছাড়া এভাবে এর আগে টিজার প্রকাশ হয়নি। বরাবরই আমি চেষ্টা করেছি ভিন্নভাবে উপস্থিত হতে। চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে লীলা দেখাব। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’ সিনেমার গল্প প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘প্রেম ভালোবাসার ঊর্ধ্বে লীলা। প্রেম ভালোবাসা তো থাকবেই গল্পে। তার পরও একেকটি জনরা তো থাকে যাতে অ্যাকশন বেশি থাকে। অনেক ছবিতে একাধিক জনরা থাকে। রোমান্টিকও হয় আবার অ্যাকশনও থাকে। তবে লীলা হচ্ছে সম্পূর্ণ অ্যাকশন ঘরানার ছবি। টিজার দেখলেই বোঝা যায় বিষয়টি।’
লীলার পরিচালক আলোক হাসান বলেন, ‘মার্চ নাগাদ শুটিংয়ে যাব। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরেছি। এটি আমার নির্মিত প্রথম সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানাই। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।’ আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা নাকফুলের শুটিং শেষ হয়েছে গত বছর। চলতি বছরের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পেতে পারে। নাকফুল ও লীলা দুই সিনেমার প্রসঙ্গ টেনে নির্মাতা বলেন, ‘নাকফুল রোমান্টিক ট্র্যাজেডির গল্প হলেও লীলা পুরোপুরি অ্যাকশন গল্পের। আদরের সঙ্গে আমার প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা দারুণ। তাছাড়া লীলার গল্প ও ক্যারেক্টারের বয়সের সঙ্গে সে একেবারে উপযুক্ত। এজন্য কাজটি হতে যাচ্ছে। আদর ছাড়াও অন্যান্য কাস্টিংয়ে চমক রাখার চেষ্টা করেছি। সেগুলো আগামীতে একে একে জানানো হবে।’
লীলা সিনেমার চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। টাইগার মিডিয়া নিবেদিত ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে তমালিকা আকরাম।
‘তালাশ’, ‘যাও পাখি বলো তারে’র পর গত বছর রোজার ঈদে লোকাল সিনেমা দিয়ে আলোচনায় আসেন আদর আজাদ। আদর আজাদ অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি সিনেমা। তার মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘খোয়াব’ ও ‘লিপস্টিক’ সিনেমাগুলো।










