বাংলাদেশে শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করা আর্টিস্টদের নিয়ে গঠিত হয়েছে আর্টস ক্লাব বাংলাদেশ। আর্টিস্টদের শিল্পচর্চা ও আনন্দের জন্য একটি ওপেন স্পেস তৈরি করার লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ক্লাবটি। সদ্য বিদায়ী বছরে আর্টস ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পী ও কবি তোফায়েল আহমেদ পদ্ম ও সাধারণ সম্পাদক শিল্পী পার্থ প্রতীম কুন্ডু।

আর্টস ক্লাব সম্পর্কে পার্থ বলেন, ‘আর্টস ক্লাব বাংলাদেশ এমন একটি স্পেস হয়ে উঠতে চায়, যেখানে তারা স্বতঃস্ফুর্তভাবে শিল্প চর্চা করবে, আড্ডা দেবে, নিজেদের শিল্পকে প্রমোট করবে ও আর্টস রিলেটেড বিভিন্ন ব্র‍্যান্ড প্রতিষ্ঠা করে নিজেদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করবে।’ আর্টস ক্লাব বাংলাদেশের আয়োজনে গত ২৯ ডিসেম্বর ক্লাবের ডিওএইচএস মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘নিউ ইয়ার হ্যাপিফেস্ট ২০২৪’।

আর্টস ক্লাব তার সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে এটি তার সদস্য পেইন্টারদের ছবি আঁকার জন্য একটি স্টুডিও নির্মাণ করেছে, যেখানে পেইন্টাররা যেকোনো সময় এসে ছবি আঁকতে পারবে। এছাড়া চালু হয়েছে ‘আর্টস ক্লাব ক্রিয়েটিভ স্কুল’, যা এর সদস্যদের সন্তানদের মেধা বিকাশে কাজ করবে। সদস্যদের রিফ্রেশমেন্টের জন্য সিলেট, কক্সবাজার, জিন্দাপার্কসহ বেশকিছু স্থানে গ্রুপ ট্যুরেরও আয়োজন করা হয়েছে। আয়োজিত হয়েছে রুফটপ আর্টস শোয়ের।

আর্টস ক্লাবের নতুন উদ্যোগগুলো প্রসঙ্গে পার্থ বলেন, ‘সামনে আরো কিছু ওয়ার্কশপ, গ্রুপ এক্সিবিশন, ট্যুর ও ইভেন্টের পরিকল্পনা চলছে। তাছাড়া আমরা খুব শিগগির আর্টস ক্লাব গ্রোসারি চালু করতে যাচ্ছি, সেখান থেকে এর সদস্যদের অথেন্টিক ও ফ্রেশ খাবার স্বল্পমূল্যে সরবরাহ করা হবে। সামনে আমরা আনন্দ নিয়ে একসঙ্গে আরো অনেক কিছু করতে চাই। বাংলাদেশের সব ধরনের শিল্পমাধ্যমে কাজ করা আর্টিস্টদের জন্য একটি হ্যাপি সোসাইটি নির্মাণ করতে চাই, যেখানে সুখে-দুখে সবাই সবার পাশে দাঁড়াবে, শিল্পচর্চা ও শিল্পের বিকাশে সবাই এক হয়ে কাজ করবে।’

নতুন বছরে দেশের সব মাধ্যমের শিল্পীদের সৃষ্টিকে সবার সামনে তুলে ধরতে ও আলোচনা-সমালোচনা ও মিথস্ক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করতে নির্মিত হতে যাচ্ছে আর্ট ক্লাবের একটি ওয়েব পোর্টাল।