জনপ্রিয় সিরিজ দ্য হোয়াইট লোটাস। এর চতুর্থ সিজন আসন্ন। ভক্তরা অপেক্ষা করছেন নতুন সিজনের। ভারতীয় দর্শকের জন্য সিজনটি বিশেষ হয়ে উঠতে পারে। কেননা শোনা যাচ্ছে, এতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এর আগে বলা হয়েছিল দীপিকা তৃতীয় সিজনে লিসা চরিত্রটির সঙ্গে উপস্থিত হবেন। তবে তার মাতৃত্বজনিত কারণে বিষয়টি বাতিল হয়। এখন আবার নতুন করে বিষয়টি নিয়ে আলাপ উঠেছে। ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্য হোয়াইট লোটাস সিজন ফোরে দীপিকা অভিনয় করতে পারেন। তিনি জেনিফার কোলিজ, নাতাশা রথওয়েল ও আলেক্সান্দ্রা দাদারিওর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

মাইক হোয়াইটের ডার্ক কমেডি অ্যান্থোলজি সিরিজ দ্য হোয়াইট লোটাস। নতুন লোকেশন ও পুরনো-নতুন চরিত্রের মিশেলে ফিরতে চলেছে এর নতুন সিজন। যদিও এইচবিও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিজনের শুটিং হতে পারে ফ্রান্সের সাঁ-ত্রোপেজে।

প্রথম সিজনের প্রেক্ষাপট ছিল হাওয়াই, দ্বিতীয় সিজনে দর্শককে নিয়ে যাওয়া হয় ইতালিতে, আর তৃতীয় সিজনের পটভূমি ছিল থাইল্যান্ড। মুক্তির সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে ২০২৬ সালের শেষ ভাগ বা ২০২৭ সালের শুরু। আসন্ন সিজনের বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে। চতুর্থ সিজনের প্রযোজনা বসন্তকালে শুরু হওয়ার কথা রয়েছে।

সিজন ৪-এর কাস্টে রয়েছেন হেলেনা বোনহ্যাম কার্টার, স্টিভ কুগন্যান, ক্যালেব জন্টে এডওয়ার্ডস, মারিনা লঙ, আলেক্সান্ডার লুডভিগ, ক্রিস মেসিরা, স্যান্ড্রা বার্নার্ড প্রমুখ। ভ্যারাইটি জানাচ্ছে, গল্পের অংশ ফ্রেঞ্চ রিভিয়েরা এবং প্যারিসেও আবর্তিত হবে।

এদিকে স্পিরিট থেকে বাদ পড়ার পর দীপিকাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুব বেশি আলোচনা নেই। তবে তিনি ফিরবেন শাহরুখ খানের সঙ্গে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তিনি অভিনয় করছেন কিং সিনেমায়। ক্রিসমাসের ছুটি সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কিং।

সূত্র: ইয়ন