‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্লাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হয়ে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু করেন সানিয়া সুলতানা লিজা। সিনেমায় প্লেব্যাকের সুযোগ তুলনামূলকভাবে কম পেলেও আধুনিক গান, নিজস্ব ব্যক্তিত্ব ও আলাদা স্টাইলের মাধ্যমে নিজের প্রজন্মের কাছে তিনি স্বতন্ত্র একজন শিল্পী হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন।

লিজার গত বছর আলোচিত গানের মধ্যে ছিল দুটি দ্বৈত গান, ‘ও প্রিয় ভালোবাসা নিও’ এবং ‘কোনো কথা নেই’। দুটিই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর দাসের সঙ্গে গাওয়া। এর মধ্যে ও প্রিয় ভালোবাসা নিও গানটি শ্রোতা-দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে।

গত বছরের শেষপ্রান্তে বিজয় দিবস উপলক্ষে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’। কবির বকুলের কথায়, ইমন সাহার সুর ও সংগীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন রাজ বিশ্বাস শংকর। এবারের বিজয় দিবসে প্রকাশিত গানগুলোর মধ্যে লিজার এ গানটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। গানের কথা, সুর, লিজাসহ অন্যান্য শিল্পীর পরিবেশনা এবং নান্দনিক মিউজিক ভিডিও সবকিছু মিলিয়ে এটি শ্রোতা-দর্শকের কাছে বিশেষ ভালো লাগার উপহার হয়ে ওঠে। দেশের প্রতি গভীর ভালোবাসাই লিজাকে এ গান করতে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলে জানা যায়।

নতুন বছরের শুরুতে রাষ্ট্রীয় শোক পর্ব শেষে ঢাকায় স্টেজ শোয়ে গান পরিবেশনের মাধ্যমে ২০২৬ সাল শুরু করেছেন লিজা। জানুয়ারি মাসজুড়েই আরো বেশ কয়েকটি স্টেজ শোয়ে অংশ নেবেন তিনি।

লিজা বলেন, ‘২০২৫ সালটা বেশ ভালোভাবেই কেটেছে। যদিও বছরজুড়ে স্টেজ শো আগের বছরের তুলনায় কম ছিল, তার পরও সময়টা ইতিবাচক ছিল। আশা করছি, ২০২৬ সাল আরো ভালো কাটবে। নতুন বছরে আমার বেশ কয়েকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এগুলো নিয়ে কাজ চলছে। ২০২৬ সালেও মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকবে। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটুক।