বাংলাদেশের সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নাম সাবিনা ইয়াসমিন। চার দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে ভেসে এসেছে অসংখ্য কালজয়ী গান। ক্যান্সারের সঙ্গে লড়াই করেও জিতেছেন তিনি। নিয়মিত আবারো তার কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান। এমনকি স্টেজ শোও বাদ পড়ছে না। নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই সঙ্গে আজ পারফর্ম করবেন একটি স্টেজ শোয়।

সম্প্রতি সাবিনা ইয়াসমিন কণ্ঠ দিয়েছেন নতুন গান ‘অতীত গল্পগুলি’-তে। গানটি প্রকাশ করবে এফএ মিউজিক। এ গানের কথা লিখেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার গীতিকবি ফারুক আনোয়ার আর সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। এরই মধ্যে প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছে এ মিউজিক চ্যানেল।

নতুন গান নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আগেই বলেছিলাম, আমি যে ধরনের গান গাই, যদি সে ধরনের কোনো গান পাই, আমি অবশ্যই গাইব। অতীত গল্পগুলি গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে।’

গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের জন্য নতুন গান করার। তার কথা মাথায় রেখে যত্ন নিয়ে গানটি লিখেছি। প্রাথমিকভাবে আমাদের সাফল্য হলো গানটি তার ভালো লেগেছে। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা পূর্ণতা পাবে।’

অন্যদিকে সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, ‘শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন ম্যামের জন্য গান করা আমার জীবনের বড় একটি অর্জন। ফারুক আনোয়ার স্যার বলেছিলেন এমন সুর করতে হবে, যা শুনে সাবিনা ইয়াসমিন স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আলাউদ্দিন আলী স্যারের অসংখ্য জনপ্রিয় সুর, যেগুলোয় তিনি গেয়েছেন। সেই অনুপ্রেরণা নিয়েই চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

এদিকে সাবিনা ইয়াসমিন আজ আবারো স্টেজ শোতে গাইবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিন নিজেই। তিনি জানান, রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি করপোরেট শোতে আজ তিনি সংগীত পরিবেশন করবেন। একই সঙ্গে এ প্রজন্মের আরো বেশ কয়েকজন গায়ক-গায়িকাও সংগীত পরিবেশন করবেন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘এখনো বেশ ভালোলাগা নিয়ে স্টেজ শোতে গান গেয়ে যেতে পারছি, শ্রোতা-দর্শককে গানে গানে মুগ্ধ করে যাচ্ছি—এটাই আসলে অনেক আনন্দের, ভালোলাগার। কারণ আমি সারা জীবন শ্রোতা-দর্শকের জন্যই গান গেয়েছি।’

সাবিনা ইয়াসমিন আরো জানান, আগামী অক্টোবরে দেশের বাইরে আরো একটি বড় শোতে সংগীত পরিবেশন করতে যাবেন। আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না।