চলে গেলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সম্পাদক-গবেষক-প্রাবন্ধিক ড. প্রভাত কুমার দাস। হূদরোগে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর কলকাতায় পরলোক গমন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গুণী এ গবেষক দীর্ঘদিন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের প্রধান ছিলেন। এছাড়া পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রথম প্রকাশন সম্পাদক ও বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পরিশ্রমী ও অনুসন্ধিত্সু। সম্পাদনা করেছেন নাট্য আকাদেমি পত্রিকা, যাত্রা আকাদেমি পত্রিকা ও বহুরূপী নাট্যপত্র। পত্রিকাগুলোয় তার গবেষণা ও অনুসন্ধানের ছাপ পাওয়া যায়।
পত্রপত্রিকার সূচি ও ইতিহাস প্রণয়নে অভিজ্ঞ এই নিরলস সাহিত্য সাধক। যাত্রা নিয়ে আলাদাভাবে কাজ করেছেন তিনি। কিছুদিন আগে প্রকাশিত তার ‘যাত্রার সঙ্গে বেড়ে ওঠা’
গ্রন্থ সুধীমহলে বিশেষ প্রশংসা লাভ করেছে। এ বইয়ে তিনি বাংলার যাত্রা ও যাত্রার ইতিহাস, বিবর্তন থেকে শুরু করে যাত্রাসংশ্লিষ্ট নানা বিষয় তুলে এনেছেন। যাত্রার ঐতিহ্য, যাত্রার অভিনেতা-অভিনেত্রীদের স্মরণ করে লিখিত বইটি তথ্যে ভরপুর। তথ্য থাকলেও বইটি সুখপাঠ্য।
ভারতের থিয়েটার নিয়েও তিনি কাজ করেছেন। লিখেছেন কিংবদন্তি অভিনেতা গিরিশ কারনাডকে নিয়ে। বাংলাদেশের থিয়েটার পত্রিকা নিয়ে রচনা করেছেন এক তথ্যবহুল গবেষণাধর্মী গ্রন্থ ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’।
থিয়েটার সম্পাদক রামেন্দু মজুমদার প্রভাত কুমার দাসের আকস্মিক প্রয়াণে গভীর শোক জানিয়েছেন। আরো শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক-প্রকাশক মফিদুল হক, লেখক-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভের পরিচালক বাবুল বিশ্বাস।










