সম্প্রতি বলিউডে সাত বছর পূর্ণ করেছেন কৃতি শ্যানন। এ সময়ে নানা রকম জনরার ছবিতে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। তার প্রথম ছবি হিরোপন্তি মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ২৩ মে। সে হিসেবে হিরোপন্তি ছবিও পার করল সাত বছর।
৩০ বছর বয়সী কৃতির সাত বছরের ক্যারিয়ারে আছে অন্তত সাতটি বড় বাজেটের ছবি। অর্থাৎ প্রতি বছরই কোনো বড় বাজেটের ছবিতে থাকছেন তিনি। তরুণ যেকোনো অভিনেত্রীর জন্যই এটা স্বস্তিদায়ক সাফল্য।
তার করা বিভিন্ন চরিত্রের মাধ্যমে—বিট্টি, ডিম্পি, ঈশিতা, পার্বতী বাই, রেশমী—কৃতি ভারতের সব শ্রেণীর মানুষের ঘরে ঘরে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এবং তুলনামূলক বেশ কম সময়ে। সামনের দিনগুলোতেও বিভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে কৃতিকে। পুরাণনির্ভর ছবি আদিপুরুষে প্রভাসের সঙ্গে সীতার চরিত্রে কাজ করছেন কৃতি। আর অ্যাকশন ছবি গণপতে দেখা যাবে রাফটাফ জ্যাসি চরিত্রে। প্রথমবারের মতো হরর ছবিতে কাজ করছেন কৃতি। আসছে বরুণ ধাওয়ানের সঙ্গে তার ভেদিয়া। এখানেই শেষ নয়, কৃতির ঝুলিতে এ মুহূর্তে আছে অক্ষয় কুমারের সঙ্গে বচ্চন পান্ডে, রাজকুমার রাওয়ের সঙ্গে কমেডি ছবি হাম দো হামারে দো।
এতসব ভিন্নধর্মী নতুন ছবি নিয়ে কৃতি বলেছেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে থাকি, যেসব চরিত্রে আগে কখনো কাজ করিনি। আমি সৌভাগ্যবান যে বিভিন্ন জনরার চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। এটা চ্যালেঞ্জিং, কিন্তু একই সঙ্গে স্বস্তিদায়কও। সম্ভবত এখন পর্যন্ত আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময়টা পার করছি।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










