কৃতি শ্যানন ও কাজল অভিনীত সিনেমা দো পাত্তি। টি-সিরিজের ব্যানারে আসা সিনেমাটি পড়েছে নকলের অভিযোগে। সিনেমার ‘মাইয়া’ গানটির বিরুদ্ধে নকলের অভিযোগ আনেন নীলাঞ্জনা ঘোষ-দস্তিদার। তার অভিযোগ, সংগীত পরিচালক সচেত-পরম্পরা তার স্বামী রাজর্ষি মিত্রর সুর নকল করে মাইয়া গানটি তৈরি করেছেন।

নিজের ফেসবুকে এ নিয়ে নীলাঞ্জনা লেখেন, ‘আপনারা অনুগ্রহ করে টি-সিরিজ, সচেত ট্যান্ডন ও সচেত-পরম্পরা অফিশিয়ালকে রিপোর্ট করুন। তারা কোনো অনুমতির তোয়াক্কা না করে আমার স্বামী রাজর্ষি মিত্রর একটি সুরকে নকল করে দো পাত্তি সিনেমার মাইয়া গানটি তৈরি করেছে।’

টি-সিরিজের বিরুদ্ধে গান বা সুর নকল করার অভিযোগ নতুন কিছু না। সে জায়গায় নতুন করে যুক্ত হলো দো পাত্তি বিতর্ক। নীলাঞ্জনা আরো লেখেন, ‘আমি আমার বন্ধুসহ সব সচেতন সংগীতকারকে অনুরোধ করব এদের সংগীত ইন্ডাস্ট্রির মাধ্যমে লজ্জা দেয়া উচিত। সেই সঙ্গে দায়ী টি-সিরিজ। তারা কোন সাহসে এ কাজ করেছে? সংগীত তৈরি করতে না পারলে চুরি করবেন নাকি?’ সচেত ট্যান্ডনকে উদ্দেশ করে তাকে নির্লজ্জ বলে অভিযুক্ত করেছেন নীলাঞ্জনা। তিনি অনুমতি নিতে পারতেন, এমন কথা বলেছেন নীলাঞ্জনা।

নেটিজেনরা এ বিতর্কে অংশ নিয়েছেন। তারা সচেত ট্যান্ডনকে উদ্দেশ করে বলেছেন, তার লজ্জিত হওয়া উচিত এমন কাজে।

এর আগে আখিয়া দে কোল গানের সূত্র ধরে নকলের অভিযোগ করেছিলেন পাকিস্তানের গায়ক আদনান সিদ্দিকী। আদনান জানিয়েছিলেন, তার গানটি পাকিস্তানি একজন লোকসংগীত শিল্পীর স্মৃতির সম্মানে তৈরি করা। কিন্তু গানটির অনুকরণ করার ক্ষেত্রে টি-সিরিজ কোনো নিয়মনীতি, অনুমতির তোয়াক্কা করেনি। সে হিসেবে দো পাত্তি সিনেমার গানের ক্ষেত্রে নীলাঞ্জনার অভিযোগটি দ্বিতীয়।

এখানেই শেষ না। এর আগে গেন্দা ফুল গান নিয়ে বিতর্কে পড়েছিল টি-সিরিজ। এটি তৈরি হয়েছিল বড়লোকের বিটি লো গান থেকে। এছাড়া অভিযোগ করেছিলেন আরেক গায়ক মুস্তাফা জাহিদ। ‘আশিকী টু’র তুম হি হো গানের জন্য এ অভিযোগ এসেছিল।

এতসব অভিযোগের পরও টি-সিরিজের টনক নড়েনি কিংবা তারা এসব পাত্তাই দেয় না। কেননা বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান তারাই।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস