স্ট্রিম শুরু হতেই বাজিমাত করেছে লোকির দ্বিতীয় সিজন। প্রথম তিনদিনেই এক কোটির বেশি ভিউ পেয়েছে সিরিজটি। ডিজনি জানিয়েছে মার্ভেলের এ সিরিজ মুক্তির পর প্রথম তিনদিনে নয় লাখ ভিউ পেয়েছে। লোকির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড স্ট্রিম হয়েছে ৫ অক্টোবর। এর পর থেকেই দর্শক সিরিজটি দেখা শুরু করে। মূলত লোকি মার্ভেলের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ। লোকি চরিত্রটি মার্ভেলের 

সিনেমায় যতটা জনপ্রিয়তা পেয়েছিল সিরিজেও ততটাই জনপ্রিয়। মার্ভেলের অন্যান্য সিরিজ ও সিনেমাও ওটিটিতে ভালো ভিউ পায়। এছাড়া সম্প্রতি ডিজনির সিনেমা এলিমেন্টাল প্রথম পাঁচদিনে ২ কোটি ৬৪ লাখ ভিউ পেয়েছিল। লিটল মারমেইড পেয়েছিল ১ কোটি ৬ লাখ ভিউ। স্টার ওয়ারস সিরিজের আশোকা আগস্টে পেয়েছিল ১ কোটি ৪ লাখ ভিউ। ধারণা করা হচ্ছে লোকি আরো বেশি ভিউ পেত। কিন্তু এ সিরিজ সপ্তাহে একটি করে পর্ব মুক্তি দেয়ার কারণে শুরু থেকে দর্শক কম দেখে।

এ সিরিজের মাধ্যমে টম হিডেলস্টোন ফিরলেন লোকির চরিত্রে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পুরনো চরিত্ররা এক এক করে অবসর নিচ্ছে। এখন আর আয়রনম্যান হিসেবে ডাউনি জুনিয়রকে দেখা যাবে না। ক্যাপ্টেন আমেরিকাও নেই। থর হয়ে হেমসওয়ার্থের ফেরা অনিশ্চিত। লোকি হিসেবে হিডেলস্টোন সেদিক দিয়ে অন্যতম পুরনো চরিত্র। তাকে দেখার জন্য দর্শকের আলাদা আগ্রহ আছে। এবারের সিজনে তার সঙ্গে আরো আছেন ওয়েন উইলসন, সোফি ডি মার্টিনো, তারা স্ট্রং ও নতুন করে যুক্ত হয়েছেন কে হুয়ে কোয়ান।

লোকির মাধ্যমে মাল্টিভার্সের নতুন নতুন যাত্রা নিয়ে কাজ করছে মার্ভেল। মূলত অ্যাভেঞ্জার্সের পর মাল্টিভার্সেই তাদের গল্প নতুন মোড় পেয়েছে। সেখানে লোকির মাধ্যমে মার্ভেল এনেছে নতুন মাত্রা। এবারের সিজনের গল্প লিখেছেন এরিক মার্টিন। তিনিই সিরিজের প্রধান নির্বাহী প্রযোজক। লোকি চরিত্রে অভিনয় করার পাশাপাশি হিডেলস্টোন নিজেও এ সিরিজের অন্যতম প্রযোজক। মূল প্রযোজক অবশ্যই মার্ভেল। 

লোকি নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখা গিয়েছিল প্রথম সিজনে। এখনো সে সিজনের নানা দৃশ্য ও অংশ থেকে মিম ও নানা পোস্ট আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু দ্বিতীয় সিজনে সে জনপ্রিয়তা পাবে কিনা, তা নিয়ে সন্দেহ করছেন অনেকে। অবশ্য যদি তা পায়, তবে মার্ভেলের পড়তি দশার কিছুটা হলেও উন্নতি হবে।

সূত্র: ডেডলাইন