করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন অবস্থায় চলতি মাসের শুরুতে স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছিলেন বলিউডের ‘দেশী গার্ল’
খ্যাত তারকা প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউডে পা রাখা এ তারকা জানিয়েছেন, তাদের ফান্ডে ৩০ লাখ ডলারের বেশি জমা হয়েছে। এ অর্থ দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার কেনার পাশাপাশি করোনা আক্রান্তের চিকিৎসা এবং টিকাদান কেন্দ্রের জনবল ও সক্ষমতা বাড়াতে খরচ করা হবে। এজন্য তহবিলে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানান এ বিশ্বসুন্দরী।
তিনি জানান, তহবিলের অর্থ দিয়ে ৫০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৪২২টি অক্সিজেন সিলিন্ডার কেনা হবে। পাশাপাশি ১০টি টিকাদান কেন্দ্রের উন্নয়ন ও জনবল বাড়ানো হবে। এখান থেকে পরবর্তী মাসগুলোতে ছয় হাজার মানুষকে টিকা দেয়া যাবে।
প্রিয়াংকা লেখেন ‘এ কাজটা যারা সফল করেছেন এবং তহবিলে দান করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা জেনে রাখুন, মানুষের জীবন বাঁচাতে আপনারা সাহায্য করছেন। আপনাদের সহযোগিতায় আমাদের এ তহবিলে ৩০ লাখ ডলারের বেশি জমা পড়েছে।’
পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের নজর যেন ভারতের দিকে থাকে তার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রিয়াংকা। দুই সপ্তাহ আগেই তিনি এ তহবিল গঠনের আহ্বান জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। একই রকম পোস্ট দিয়েছিলেন নিক জোনাসও। তাতেই অভূতপূর্ব সাড়া মিলেছে।
ইনস্টাগ্রামে প্রিয়াংকা লিখেছেন, আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে মানবতা আরো একবার প্রমাণ করেছে, একসঙ্গে আমরা আরো উন্নত হতে পারি। নিক জোনাস ও আমি আপনাদের সহযোগিতা দেখে অভীভূত হয়েছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ১৪ হাজারের বেশি সহূদয় ব্যক্তি হূদয়ের দ্বার খুলে এ দুঃসময়ে অনুদান দিয়ে ৩০ লাখ ডলার তহবিল গড়ে দিয়েছেন। আরো অগণিত মানুষ এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।
প্রিয়াংকা বলেন, সব টাকা এরই মধ্যে দেশজুড়ে অক্সিজেন ও ভ্যাকসিন সরবরাহ এবং আরো অনেক স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে। আমরা এ সহযোগিতা অব্যাহত রাখতে পারি এবং এখানেই যেন থেমে না যাই।
সূত্র: বলিউড হাঙ্গামা










