দীপিকা পাড়ুকোন নিজের ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট দিয়েছেন ২ মে। ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। দীপিকা অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি কখনো। প্রায় দুই মাস সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন বলিউডের এ অভিনেত্রী। অবশেষে গতকাল লকডাউনে ‘প্রত্যাশা বনাম বাস্তবতা’
শিরোনামে দুটো ছবি দিয়ে ইনস্টায় ফিরলেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যোগ ব্যায়ামরত দীপিকা। পরের ছবিতে দেখা যাচ্ছে সোফায় ঘুমিয়ে আছেন তিনি।
ছবিগুলো শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এক্সপেক্টেশন ভার্সেস রিয়ালিটি’, সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি। পোস্টের কমেন্ট সেকশনে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, এ বিরতিতে তাকে মিস করেছেন। অনেকে দীপিকার মতো লকডাউনে নিজের পরিস্থিতি নিয়েও মন্তব্য করছেন।
দীপিকা ২ মে তার সর্বশেষ পোস্টে গুরুত্ব দিয়েছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ে। কভিডকালীন লকডাউনে সবার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন তিনি।
এপ্রিলে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বল পাড়ুকোন ও ছোট বোন আনিশা কভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন বলা হচ্ছিল দীপিকা নিজেও আক্রান্ত। যদিও নিজে থেকে কখনো এ বিষয়ে তিনি কিছু জানাননি। এ মুহূর্তে বড় বাজেটের বেশ কয়েকটি ছবি আছে দীপিকার হাতে। তার মধ্যে আছে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এইটিথ্রি।
সূত্র: ডিএনএ










