সংগীতশিল্পী সালমা প্রকাশ করেছেন তার নতুন গান ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেওয়ান জসীম। এতে সালমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সজীব শান। সংগীতায়োজন করেছেন সাজন খান এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আসিফ আহসান। গতকাল গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
নতুন গানটি নিয়ে সালমা জানান, সাধারণত তার গাওয়া গানের ধারা ও ভক্তদের পছন্দ মাথায় রেখেই গানটি তৈরি হয়েছে। তার মতে, গানটির কথা ও সুর মায়ায় ভরা, যা শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী। গীতিকার, সুরকার, সংগীতায়োজক ও ভিডিও নির্মাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সালমা জানান, এ গান ছাড়াও সামনে তার আরো বেশকিছু মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। এসব গান নিয়েও তিনি ভীষণ আশাবাদী। গত বছর সালমা ও শাহীন রানার কণ্ঠে প্রকাশিত হয় ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি। এটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় একই চ্যানেলের জন্য ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামে আরেকটি গানও তিনি গেয়েছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর করেছেন কাজী শুভ। গানটি ২ নভেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে।
এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। তিনি জানান, দেশে স্টেজ শো কমে গেলেও তার ব্যস্ততা ভালোই চলছে। কয়েক দিন আগে কক্সবাজারে একটি স্টেজ শো করেছেন তিনি। সামনে আরো দুটি শো রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে আরো কয়েকটি শোতে পারফর্ম করবেন তিনি।
স্টেজ শোতে মূলত ফোক গান ও লালনগীতি গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমা। তবে দর্শকের অনুরোধে আধুনিক গানও গেয়ে থাকেন। এরই মধ্যে তিনি বেশকিছু নতুন গান শেষ করেছেন, যা শিগগিরই প্রকাশ পাবে বলে তিনি জানান।










