আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় চলছে উড়ন্ত শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘স্মরণ’ শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি প্রদর্শনী। গত শনিবার প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাদুপুই, শিল্প ইতিহাসবিদ ও কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ।
সুনামগঞ্জ জেলার দুটি অন্যতম স্থাপত্য হচ্ছে গৌরারং জমিদার প্রাসাদ ও সুখাইড় জমিদার প্রাসাদ। এ দুই স্থাপত্যের ঐতিহ্যের ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় সমসাময়িক বর্ণনা থেকে অনুপ্রাণিত শিল্পকর্মের একটি প্রদর্শনী। এ মাল্টিডিসিপ্লিনারি প্রদর্শনী, উড়ন্ত শিল্পী সম্প্রদায় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে একটি যৌথ প্রচেষ্টা।
ফারেহা জেবা ও সাদিয়া মিজান সমন্বিতভাবে এটি তত্ত্বাবধান করেছেন। প্রদর্শনীতে বেশ কয়েকজন উদীয়মান শিল্পীর কাজ রয়েছে, যেখানে শিল্পীরা স্থানীয় সমসাময়িক প্রেক্ষাপট ও বিষয়বস্তু থেকে অনুপ্রেরণার চিত্র তুলে ধরে গৌরারং জমিদার প্রাসাদ ও সুখাইড় জমিদার প্রাসাদের স্থাপত্য বিস্ময়কে সম্প্রসারণ করেছেন। ফারেহা জেবা বলেন, ‘এটি কেবল একটি প্রদর্শনী নয়, এটি সময় ও সংস্কৃতির মধ্য দিয়ে একটি ভ্রমণ। প্রদর্শনীটি শুধু শিল্পকর্ম প্রদর্শন করবে না বরং বাংলাদেশের চারপাশে বিশেষ করে গ্রামীণ কেন্দ্রিক অবস্থানে এ ধরনের স্থাপত্য ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের জন্য সচেতনতা তৈরি করবে।’
স্মরণ শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি প্রদর্শনীটি চলবে ২০ মার্চ পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।










