ঈদের মতো বড় উৎসবকে ঘিরে প্রতি বছর নাট্যাঙ্গনে কর্মযজ্ঞের শেষ থাকে না। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ঈদে ছোট ও বড়—দুই পর্দার অবস্থাই ছিল ফিকে হয়ে যাওয়া রঙের মতো। কর্মব্যস্ততাহীন ঈদ উৎসব কেটেছে সবার। চলতি বছর জুন থেকে লকডাউন শিথিল করলে অল্প পরিসের শুরু হয় টিভি নাটকের শুটিং। বিশেষ করে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নির্মাতা ও কলাকুশলীদের অনেকে কাজ শুরু করেন। স্বাস্থ্য সচেতনতার দিকে নজর রেখে তারা সংখ্যায় অল্প হলেও বেশকিছু টিভি নাটকের শুটিং করছেন। শুটিং শুরুর পর থেকে যে অভিনয়শিল্পী কাজ শুরু করেন, তাদের মধ্যে নাট্যাঙ্গনের প্রিয় অভিনেত্রী তারিন জাহান একজন।
গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে সংখ্যার দিক থেকে একটু বেশি নাটকে অভিনয় করছেন তিনি। ভক্ত ও দর্শকের কথা চিন্তা করেই স্বল্প বিরতি নিয়ে এসব নাটকের কাজ করেছেন অভিনেত্রী। যেকোনো নাটক বা টেলিফিল্মে কাজের ক্ষেত্রে সবসময় গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে থাকেন তারিন। এবারও ঠিক তা-ই। ঈদ উপলক্ষে নিজের মনের মতো কিছু গল্পে অভিনয় করেছেন। এরই মধ্যে তিনি ফারিয়া হোসেনের রচনায় ও ইমদাদুল হক মিলনের পরিচালনায় ‘সেদিন বৃষ্টি এসেছিলো’, ফারিয়া হোসেনের রচনায় ও নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মেঘলা মনের মেয়ে’, সাজ্জাদ হোসেন খাদেমের গল্পে গোলাম সোহরাব দোদুলের ‘বনভোজন’, এসএ হক অলিকের ‘কথা শুনতে হবে’, অনুরূপ আইচের রচনা ও নির্মাতা ওয়াহিদ পলাশের ‘একটি রাত’ নামের নাটকগুলোর কাজ শেষ করেছেন।
এদিকে গতকাল তিনি অংশ নিয়েছেন হানিফ সংকেতের পরিচালনায় ঈদের বিশেষ নাটকের শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন চঞ্চল চৌধুরী। ঈদ নাটকের পাশাপাশি তারিন জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত একটি কাহিনীচিত্রের কাজও শেষ করে ফেলেছেন। ১৯ ও ২০ জুলাই কাহিনীচিত্র ‘রানার’-এর শুটিং সম্পন্ন করেন। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন নাট্য পরিচালক গোলাম সোহরাব দোদুল।
নাটকগুলোয় অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘এবার ঈদে প্রতিটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। আমি ধন্যবাদ দিতে চাই প্রতিটি নাটকের নাট্যরচয়িতা, পরিচালক, প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে। কারণ তারা বস্তুনিষ্ট গল্প নিয়ে কাজ করেছেন এবং একজন অভিনেত্রী হিসেবে আমি ভিন্ন ধরনের চরিত্রগুলোয় কাজ করে আনন্দ পেয়েছি।’ যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন জানিয়ে তারিন বলেন, ‘কারণ অভিনয় আমার পেশা।’
অনেকেই মনে করেন এ অভিনেত্রী বুঝি অভিনয় ছেড়ে দিয়েছেন। তাদের উদ্দেশে তারিনের উত্তর, ‘আমি স্পষ্ট করে বলতে চাই ছোটবেলা থেকেই অভিনয় ও নাচ একসঙ্গে চর্চা করেছি। সাধনা করেছি। দুটোর সঙ্গেই আমি যুক্ত আছি। আমার এ সাধনা অব্যাহত থাকবে। মিডিয়ায় সেই ছোটবেলা থেকেই আমি বেড়ে উঠেছি।’
তারিন আরো বলেন, ‘যখন সবার পুতুল খেলার বয়স, বন্ধুদের সঙ্গে খেলার বয়স, তখন আমি কখনো শুটিংয়ে, কখনো টিচারের বাসায় পড়তে গিয়েছি। আবার কখনো হোমওয়ার্কে ব্যস্ত থেকেছি।’ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ সময় অভিনেত্রী বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণে আমি আজকের তারিন। তারা সবসময় আগ্রহ প্রকাশ করেছেন আমি যেন নাটকে নিয়মিত থাকি। তাদের আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখেই এবার ঈদে অনেক নাটকে কাজ করেছি।’ আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটিতে কোনো শুটিং রাখেননি তিনি। পরিবারের সঙ্গেই দিনটি কাটাবেন বলে জানান।










