হলিউডের বক্স অফিসে শুরু হয়েছে ডেডপুলের তাণ্ডব। এর মধ্যে নতুন ঘোষণা দিল মার্ভেল। তারা ফিরছে পুরনো তারকাকে নতুন পোশাক পরিয়ে।  রবার্ট ডাউনি জুনিয়র আবারো মার্ভেলে অভিনয় করবেন। তবে আয়রন ম্যান চরিত্রে নয়। তিনি অভিনয় করবেন ডক্টর ডুম চরিত্রে। কিছুদিন আগে কয়েকটি সাক্ষাৎকারে ডাউনি জুনিয়র জানিয়েছেন মার্ভেলের সিনেমায় অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। এ নিয়ে সবাই ভেবেছিল তিনি আয়রন ম্যান চরিত্রেই ফিরবেন। কিন্তু আয়রন ম্যানকে ফেরাচ্ছে না মার্ভেল। রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে আসা হচ্ছে ভিন্ন চরিত্রে। গতকালই জানানো হলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে আসছেন ডাউনি জুনিয়র।

রবার্ট ডাউনি জুনিয়র, আয়রন ম্যান ও মার্ভেলের সম্পর্ক সিনেমাপ্রেমীরা জানেন। 

বলা যায়, মার্ভেলের সিনেমার জনপ্রিয়তার একটা বড় কারণ ছিলেন আয়রন ম্যানের পোশাকে ডাউনি জুনিয়র। অ্যাভেঞ্জার্সের সিনেমা শেষ হওয়া ও আয়রন ম্যানের মৃত্যুর পরই অ্যাভেঞ্জার্স তার জনপ্রিয়তা হারিয়েছে। নতুন ধারায় যে গল্প তারা বলেছে, তা দর্শক আপন করে নেয়নি। এসবের মধ্যে ডাউনি জুনিয়রকে আয়রন ম্যান চরিত্রে আনাই ছিল স্বাভাবিক। কিন্তু সে সিদ্ধান্ত আত্মঘাতীও হতে পারত। আয়রন ম্যানের মৃত্যুর ঘটনা ও দৃশ্য দর্শকের মনে রেখাপাত করেছিল। এ নিয়ে কেভিন ফাইগি বলেন, ‘আমরা ওই সময়কে তার মতোই রাখতে চাই। ওটাকে বদলানোর চিন্তা করছি না। ওই নির্দিষ্ট দৃশ্য নিয়ে দর্শকের অন্য রকম আবেগ আছে। আমরা বহু বছর কাজ করে ওই বিষয় অর্জন করেছি। বিষয়টা ম্যাজিকের মতো। কখনো সে ম্যাজিক নষ্ট করতে চাই না।’

ফাইগির চিন্তায় ভুল নেই। কেননা আয়রন ম্যান যেখানে যে জনপ্রিয়তায় পৌঁছেছিল, সেখানে তাকে আবারো একই চরিত্রকে ওই অবস্থান থেকে ভিন্ন বাঁকে নিয়ে আসা ঝুঁকিপূর্ণ হতো। কিন্তু প্রশ্ন থাকে, নতুন চরিত্রেই বা কতটা গ্রহণযোগ্যতা পাবেন তিনি?

অভিনেতা নিজে মনে করেন চরিত্রটিই তাকে খুঁজে নিয়েছে। তবে সিনেমাটি ভালো করবে এমনটা অনেকে মনে করছেন, কেননা এর নির্মাণে যুক্ত হয়েছেন মার্ভেলের সফলতম নির্মাতা জুটি অ্যান্টনি ও জো রুশো। রুশো ব্রাদার্স নামে পরিচিত এ দুই নির্মাতা সবচেয়ে বেশি সফল সিনেমা উপহার দিয়েছেন মার্ভেলকে। কিছুদিন আগে অ্যাভেঞ্জার্সের নতুন সিনেমায় তাদের সংযুক্তি নিয়ে কথা হচ্ছিল। তবে অনেকে তা উড়িয়ে দিয়েছেন। এবার দেখা গেল, সত্যিই রুশো ব্রাদার্স নির্মাণ করছেন সিনেমাটি।

তবে সিনেমার নাম বদলে গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ক্যাং ডাইন্যাস্টি’ থেকে এর নাম এবার হলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। মূলত ক্যাং চরিত্রে অভিনয় করা জোনাথন মেজর্সের মামলা ও অন্যান্য কারণে তাকে বাদ দেয়া হয়েছিল। সেখান থেকেই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্ভেল।

সূত্র: ভ্যারাইটি