বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্য চলতি বছর ছিল দারুণ। বছরের শেষেও নতুন খবর দিলেন এ অভিনেত্রী। সম্প্রতি হুন্দাই মোটর ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড পণ্যদূত নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার হুন্দাই মোটর ইন্ডিয়ার সামাজিক মাধ্যমে বিষয়টি অফিশিয়ালি জানানো হয়।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে সিনেমায় অভিষেক হয়েছিল দীপিকার। এরপর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে এ জুটি। আর চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি। অন্যদিকে শাহরুখের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক উদযাপন করেছে হুন্দাই। বছরের সেরা জুটি হিসেবে তাই হুন্দাইয়ের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও দীপিকাকে।
নতুন পণ্যদূত হিসেবে বছরের শেষে এ যাত্রা নিয়ে দীপিকা বলেন, ‘টেকনোলজির দুনিয়ায় অন্যতম হুন্দাই মোটর। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মনে করি, এ নতুন যাত্রা আমার জন্য অনেক সম্মানের।’
বলিউডের সফল নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। বলিউডের সম্পদশালী নায়িকাদের দলেও স্থান করে নিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পায় তার সম্পদের পরিমাণ। তার সম্পদের মূল্য ৫০০ কোটি রুপির বেশি। দীপিকা ১২-১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন একটি সিনেমায় অভিনয় করার জন্য। তবে কেবল অভিনয়ই নয়, নানা কাজের সঙ্গে যুক্ত তিনি। সিনেমার বাইরে এসব কাজ থেকেও আয় করেন প্রচুর। এর মধ্যে তিনি প্রধানত বেশকিছু সংস্থার পণ্যদূত হিসেবে চড়া পারিশ্রমিক নেন। এক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এশিয়ান পেইন্টস, জিও, ডাবর, তনিস্ক ও অ্যাক্সিস ব্যাংক। এছাড়া ‘শঁপা’ ও ‘লিভাইস’-এর মতো আন্তর্জাতিক সংস্থারও পণ্যদূত দীপিকা। ২০২২ সালে তিনি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভিঁতো, কাতার এয়ারওয়েজ, কার্টিয়ে জুয়েলারির আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। কোনো পণ্যের বিজ্ঞাপন বাবদ দীপিকা ৭-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে হুন্দাই মোটর ইন্ডিয়ার পণ্যদূত হিসেবে কত পারিশ্রমিক নিচ্ছেন সেটা এখনো জানা যায়নি।
অন্যদিকে নতুন বছরে ‘ফাইটার’ সিনেমা নিয়ে আসছেন দীপিকা। এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে। ফাইটারের লুক প্রকাশের পর ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি। এ সিনেমায় দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন। এতে পাইলট হিসেবে দেখা যাবে দীপিকাকে। পাইলট চরিত্রে এটিই তার প্রথম অভিনয়। আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ফাইটার। নতুন বছরে এ সিনেমা দিয়ে কেমন সূচনা করেন দীপিকা পাড়ুকোন সেটা জানা যাবে সিনেমাটি মুক্তির পর।
সূত্র: বলিউড হাঙ্গামা










