কঙ্গনা রানাওয়াত অপেক্ষা করছেন তার আলোচিত ছবি থালাইভির মুক্তির।
তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক থালাইভি।
আর কঙ্গনাকেই দেখা যাবে ‘আম্মা’খ্যাত জয়ললিতার চরিত্রে।
থালাইভি ১০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।
স্বাভাবিকভাবেই ছবির প্রচারণা জোরেশোরে করতে চাইছেন কঙ্গনা।
কিন্তু তাতে বাদ সেধেছে ইনস্টাগ্রাম।
আর তাতেই ক্ষেপেছেন আলোচিত এ বলিউড অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, তিনি থালাইভির ট্রেলারের লিংকটি তার বায়োতে যুক্ত করতে পারছেন না।
বিষয়টিকে তিনি ইনস্টার ‘অপেশাদার’
আচরণ বলে সমালোচনা করেছেন।
কঙ্গনা লিখেছেন, ‘প্রিয় ইনস্টাগ্রাম, আমার ছবির ট্রেলারের লিংকটি আমার প্রোফাইলে যুক্ত করা প্রয়োজন।
আমার প্রোফাইল ভেরিফাইড, মানে অ্যাকাউন্টটি এখন আপনাদেরও সম্পত্তি।
এ নাম আমি অনেক বছর পরিশ্রমে নিজে অর্জন ও তৈরি করেছি।
অথচ আমার প্রোফাইলে কিছু যুক্ত করতে আপনাদের অনুমতির দরকার হচ্ছে।
আপনাদের ভারতীয় অফিস থেকে আমাকে জানিয়েছে যে তাদের বিদেশী বসদের কাছ থেকে অনুমতি নিতে হয়...এক সপ্তাহ ধরে নিজেকে মনে হচ্ছে একদল শ্বেতাঙ্গ ইডিয়টের দাস...আপনাদের
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ বন্ধ করুন।’
কঙ্গনা ছবির প্রচারণার জন্য থালাইভি নামটি
প্রোফাইলে যুক্ত করতে চেয়েছিলেন।
কিন্তু সেটা করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টের এডিট অপশনটি লক করে দেয়া হয়েছে।
এখনো তিনি এ পরিবর্তন করার জন্য ইনস্টাগ্রামের অনুমতি পাননি।
এমনকি প্রোফাইলের ওয়েবসাইট অংশে থালাইভি ছবির ট্রেলার লিংকটা যুক্ত করতে পারছেন না।
কঙ্গনার কড়া কথা, ‘এ রকম অপেশাদার আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’
থালাইভি ছবিতে কঙ্গনার সঙ্গে দেখা যাবে অরবিন্দ স্বামী, ভাগ্যশ্রী ও যিশু সেনগুপ্তকে।
ছবিটি এ বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু মহামারীর কারণে তা পিছিয়ে ১০ সেপ্টেম্বরে গিয়ে ঠেকেছে।
কঙ্গনার কথায় এরকম কিংবদন্তি ব্যক্তিত্বের বায়োপিক অতি অবশ্যই বড় পর্দায় মুক্তি পাওয়া উচিত।
মহামারীর পরিপ্রেক্ষিতে ভারতীয় দর্শকদের সিনেমা হলে টানার বড় দায়িত্ব এখন থালাইভির কাঁধে।
সূত্র: ডিএনএ









