পাঁচালী ফিল্মসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়ন হবে মাস্উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ধূসর যাত্রার উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, নির্মাতা ফরিদুর রহমান ও আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
এ চলচ্চিত্রের গল্প নিয়ে নির্মাতা জানান, ধূসর যাত্রার কেন্দ্রীয় চরিত্র সোবহান। তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ গোসল না হওয়ায় সোবহান ২৫ বছর ধরে শেষ গোসল দেয়ার কাজ করে চলেছেন। তার চাওয়া একটি মানুষেরও শেষ যাত্রা যেন তার স্ত্রীর মতো না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কী অসহায়! মহামারীতে মৃত্যুর পর স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হয় সোবহানকে। স্ত্রীর প্রতি সোবহানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা এবং সমাজের মানুষের প্রতি এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, মোহাম্মদ বারী, স্বদেশ রঞ্জন দাস গুপ্তা, রিয়া চৌধুরী, আবু বকর বাকশি, রুবেল শঙ্কর, জুলফিকার বাবু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা।










