সময়টা এখন ইউনিভার্স তৈরির। সুপারহিরো সিনেমা ও কমিকের কল্যাণে এ নিজস্ব ইউনিভার্স বিষয়টি এখন আর কারো কাছে অজানা নয়। বরং দিনদিন বাড়ছে জনপ্রিয়তা। হলিউডের সিনেমা, সিরিজের পর ভারতেও ইউনিভার্সতত্ত্ব জনপ্রিয় হয়েছে। খুব বেশি ইউনিভার্স তৈরি হয়নি যদিও। এর মধ্যে দক্ষিণে লোকেশ কনগরাজ একটি ইউনিভার্স তৈরি করার ইঙ্গিত দিয়েছেন, তবে তা অ্যাকশন ঘরানার সিনেমা। সুপারহিরো ধারার নয়। বলিউডে সুপারহিরো ধারার সিনেমার সংখ্যা তুলনামূলক কমই। আর যাও হয়েছে, খুব বেশি জনপ্রিয়তা পায়নি। এর মধ্যেই অয়ন মুখার্জি নিজস্ব এক ইউনিভার্সের চিন্তা করলেন। পুরাণের সূত্র ধরে এ সিনেমার গল্প সাজানো। ঠিক সুপারহিরো নয়, তবে বেশকিছু সুপার ওয়েপন রয়েছে এ সিনেমায়।

অয়ন মুখার্জির মেগা প্রজেক্ট ব্রহ্মাস্ত্র। মুক্তি পাওয়া সিনেমাটি মূলত অস্ত্রভার্সের প্রথম পর্ব, যার নাম দেয়া হয়েছে শিব। ঘোষণা আসা থেকেই শুরু হয়েছিল সিনেমা নিয়ে জল্পনাকল্পনা। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের পর ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনা ও আগ্রহ আরো বাড়তে শুরু করে। ট্রেলার মুক্তির পর ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে মিল থেকে শুরু করে কেসারিয়া গানের লাভ স্টোরিয়া, এ নিয়েও নানা সমালোচনা হয়েছে। তবে আলিয়া-রণবীরকে স্ক্রিনে দেখতে আগ্রহী ছিলেন সবাই। মুক্তির পর সিনেমা দেখে তাদের কেমিস্ট্রিতে দর্শক মজেছেনও। আর মজেছেন এ সিনেমার ভিএফএক্সে। পৌরাণিক ও অলৌকিক অস্ত্রগুলোর শক্তি প্রকাশিত হয়েছে ভিএফএক্সের মাধ্যমে। ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ভিএফএক্স সম্ভবত এর আগে শাহরুখ খানের রা.ওয়ান সিনেমায় ব্যবহার হয়েছিল, তবে তা প্রায় এক যুগ আগের কথা।

মাল্টি স্টারার সিনেমা হওয়া ব্রহ্মাস্ত্র নিয়ে দর্শকের আগ্রহের আরেকটি কারণ। সিনেমা শুরু হয় শাহরুখ খানকে দিয়ে। অনেকে এই ‘সায়েন্টিস্ট মোহন’কে স্বদেশের (২০০৪) মোহন হিসেবে দেখছেন। সে যা-ই হোক, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, অমিতাভ বচ্চন—এমন স্টার লিস্ট দর্শককে থিয়েটারে আনার জন্য যথেষ্ট। তারা অভিনয়ও ভালো করেছেন। সিনেমার শুরুতে শাহরুখ খানের অনবদ্য অভিনয়, ভিএফএক্স এমনকি ফাইট কোয়িওগ্রাফ্রিও বেশ সুন্দর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যেটা এ সিনেমায় ছিল না তা হলো একটা সুলিখিত স্ক্রিপ্ট। অনেকে সমালোচনা করে বলছেন সিনেমায় গল্প নেই। কথাটা ভুল। সিনেমার গল্প আছে কিন্তু চিত্রনাট্য ও সিনেমাটোগ্রাফিতে সে গল্পটা গুছিয়ে উপস্থাপন করা হয়নি।

পুরাণের রেফারেন্স দিয়ে নানা অস্ত্র ও সব অস্ত্রের সেরা ব্রহ্মাস্ত্র নিয়ে ভূমিকা দেয়া হলো। কিন্তু তার পরই গল্পটা চলে গেল একজন ডিজের কাছে। শিব নামের সে ডিজে সিনেমায় রণবীর কাপুর। সে নানা রকম দৃশ্য দেখতে পায়। বোঝানো হচ্ছে টুকরো ব্রহ্মাস্ত্রের সঙ্গে জড়িতরা কোনো না কোনোভাবে যুক্ত। সংযুক্তির সে রহস্যের গ্রন্থি ধীরে ধীরে খোলা হয় কিন্তু সে গল্পের মধ্যে ঢুকে গিয়েছে শিব ও ইশার প্রেমের গল্প। বলিউডের এটা একটা পুরনো রোগ। কোনো গল্পই তারা প্রেম ছাড়া বলতে পারে না। অবশ্য সে চেষ্টা করলে দর্শকও গ্রহণ করে না। অতীতে এমন উদাহরণ বেশকিছু রয়েছে। সেক্ষেত্রে অয়ন মুখার্জি প্রেমের গল্প রেখে কাজটা ভালোই করেছেন। অন্তত ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমা বাঁচাতে হলে এমন করারই কথা।

ব্রহ্মাস্ত্র নিয়ে সিনেমায় অনেক কথাই বলা হয় কিন্তু কেন যেন পুরাণের ব্রহ্মাস্ত্রের সেই তেজ বা গুরুত্বের বিষয়টি পুরোপুরি উঠে আসে না। মোহনের বানরাস্ত্র, অনীশের (নাগার্জুন) নন্দীঅস্ত্র সরাসরি হনুমান ও শিবসঙ্গী নন্দীর রেফারেন্স দেয়। বানরাস্ত্র ব্যবহারের সময় শাহরুখের চলনে হনুমানের ও অনীশের ক্ষেত্রে নন্দীর বডি ল্যাঙ্গুয়েজ পাওয়া গেলেও অন্যান্য অস্ত্র বা অস্ত্রধারীদের সঙ্গে ব্রহ্মাস্ত্র বা পুরাণের অন্যান্য চরিত্র ও শক্তির সংযোগটা সিনেমায় স্পষ্ট হয় না। অয়ন মুখার্জির গল্পে এখানেই খামতিটা থেকে যায়। চিত্রনাট্যের গতি দ্রুত করার জন্য একের পর এক ঘটনা ঘটে, কিন্তু এতে গল্পটা কোথাও ঠিকভাবে জমে উঠতে পারেনি। সাসপেন্স তৈরি করার চেষ্টা থাকলেও অভিনেতাদের কারণে সেটা হয়নি।

রণবীর কাপুরের অভিব্যক্তিতে এক ধরনের তাড়াহুড়ো, লুক ও বডি ল্যাঙ্গুয়েজের কারণে অমিতাভকে গুরু হিসেবে মনে হলো বেমানান। শিবকে দেব-অমৃতার গল্পটা বলার সময় রণবীরের অভিব্যক্তিতে অবাক হওয়াটা রণবীরের মতো অভিনেতার কাছ থেকে আশা করা যায় না। বড় অপরিপক্ব। এ ধরনের সিনেমায় সংলাপের আলাদা শক্তি থাকে, কিন্তু ব্রহ্মাস্ত্রে সংলাপ আবেগি ধারার উপদেশমূলক এবং ডেলিভারি দুর্বল হওয়ার কারণে সিচুয়েশনকে পূর্ণতা দিতে পারে না। পরিচালকের চেয়ারে বসে অয়নের আরেকটু মনোযোগী ও কঠোর হওয়া উচিত ছিল।

নিজস্ব একটা গল্প আর সে গল্পের জন্য ভিন্ন এক দুনিয়া তৈরি করার চেষ্টা করেছেন অয়ন। সেখানে ভিএফএক্স ছিল অন্যতম বড় অস্ত্র। নানা অস্ত্রের ঝলকানি দেখানো ভিএফএক্সকে এ সিনেমার ব্রহ্মাস্ত্র বলা যায়। দেবের অবতার তৈরি থেকে শুরু করে যুদ্ধগুলোর উপস্থাপনা বলিউডের হিসেবে ভালো। অনেকটা নতুনও বলা চলে। সে জায়গাটিতে অয়ন ও তার টেকনিক্যাল টিম সফল। সিনেমার শেষে এসে বোঝা যায় (আগেও জানা ছিল) গল্পের শাখা-প্রশাখা রয়েছে। সে গল্প নিয়ে দর্শকের আগ্রহ হয়তো হবে, কিন্তু যে ‘ডার্ক’ থিম নিয়ে ব্রহ্মাস্ত্রে গল্প, সেখানে সিনেমার শেষে অমিতাভের মুখে ‘ভালোবাসাই শ্রেষ্ঠ অস্ত্র’র মতো সাবেকি সংলাপ যেন প্যানপ্যানে বলিউডকে মনে করিয়ে দেয়।