বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার কণ্ঠে তুলেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। আধুনিক আর সিনেমার গান প্রজন্মের পর প্রজন্মের কাছে তাকে বিস্ময়কর এক শিল্পী হিসেবেই দাঁড় করিয়েছে। যার কণ্ঠে বাংলাদেশের সবচেয়ে বেশি দেশাত্মবোধক গান রয়েছে। তার সান্নিধ্যে ভক্তরা যেমন নিজেদের ধন্য মনে করে, তেমনি পরবর্তী প্রজন্মের শিল্পীরাও তার সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হন। কিছুদিন আগে সাবিনা ইয়াসমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি সুস্থ আছেন।
সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান, ১৭ মে শুক্রবার কানাডার টরন্টোর উদ্দেশে রওয়ানা হচ্ছেন তিনি। সেখানে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর অষ্টম আসরে অংশগ্রহণ করবেন। এ ফেস্টিভ্যাল কানাডার বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছেন সাবিনা ইয়াসমিন। আরো থাকবেন অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর অষ্টম আসরে অংশগ্রহণ করা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ মে শুক্রবার কানাডার উদ্দেশেও রওনা হব। কানাডার টরন্টোয় অনুষ্ঠেয় বাংলাদেশ ফেস্টিভ্যালের অষ্টম আসরে অংশগ্রহণ করব। আশা করছি অনুষ্ঠানে আগত সবার সঙ্গে দেখা হবে। সবার সঙ্গে গল্প হবে, কথা হবে, গান তো হবেই। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেখানকার এ আয়োজনে সবার সঙ্গে দেখা হওয়ার এবং গানে গানে সবাইকে মুগ্ধ করার। ধন্যবাদ আয়োজকদের আমাকে এ ফেস্টিভ্যালে নিমন্ত্রণ করার জন্য।’ ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুল ইসলাম মিন্টু জানান, এর আগেও সাবিনা ইয়াসমিন একবার এ ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করেছিলেন। ২৫-২৬ মে কানাডা সফর শেষে সাবিনা ইয়াসমিনের দেশে ফেরার কথা।










