ওয়ান্ডার ওম্যান ও ডিসি ইউনির্ভাসে
অভিনয়ের জন্য সারা বিশ্বে পরিচিত গল গাদত। সম্প্রতি হামাসের হামলার ভিডিও হলিউডে প্রদর্শনের
ঘটনায় আলোচনার ঝড় তুলেছেন তিনি। যার মধ্যে সমালোচনাও রয়েছে। সেই ঘটনার জেরেই অভিনেত্রী
আনা দে আরমাস ইনস্টাগ্রামে গল গাদতকে আনফলো করেছেন।
ইসরায়েল নিয়ে বরাবরই সরব ইহুদি বংশোদ্ভূত
‘ডেথ অন দ্য নাইল’ অভিনেত্রী। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কমব্যাট ফিটনেস ইনস্ট্রাকটর
হিসেবে কাজও করেছেন। এ কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে তার সিনেমা নিষিদ্ধ।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার
৪০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। যাদের উল্লেখযোগ্য অংশ সেনাসদস্য। অন্যদিকে ইসরায়েলি
হামলায় গাজায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের ৪০ শতাংশই শিশু। আহত ও
নিখোঁজ হয়েছে হাজার হাজার মানুষ। বর্তমানে সারা বিশ্বে আলোচনার শীর্ষে রয়েছে এ সংঘাত।
আই টোয়েন্টিফোর নিউজ জানায়, হামাসের
হামলার ৪৭ মিনিটের ফুটেজ হলিউডে প্রদর্শনের পরিকল্পনা করেছেন গল গাদত। যা সরবরাহ করছে
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ প্রদর্শনীতে সেলিব্রিটি ও প্রভাবশালী ব্যক্তিরা
আমন্ত্রণ পাবেন। প্রাথমিক প্রদর্শনীতে ১২০ জন দর্শক থাকবেন, এরপর আগ্রহের ভিত্তিতে
বাকি প্রদর্শনী হবে। এ ফুটেজ সংকলনের শিরোনাম দেয়া হয়েছে, ‘বিয়ারিং উইটনেস টু দ্য অক্টোবর
সেভেনথ ম্যাসাকার অ্যাস পার দ্য র্যাপ’। এ প্রদর্শনীর জন্য গল ও তার স্বামীর প্রশংসা
করেন অন্যতম উদ্যোক্তা অস্কার-জয়ী ইসরায়েলি নির্মাতা গাই নেটিভ।
চলতি সপ্তাহেই গল গাদতের নেতৃত্বে লস
অ্যাঞ্জেলস ও নিউইয়র্ক সিটিতে হবে প্রদর্শনী। অনুষ্ঠানে সহযোগিতা করছে আমেরিকান জুইশ
কমিটি ও অ্যান্টি-ডিফেমেশন লিগ। তবে অনলাইনে এ আয়োজন ভীষণরকম সমালোচিত হয়েছে। এ তালিকায়
আছে আনা ডে আরমাসের প্রতিক্রিয়া।
৪৭ মিনিটের ওই ভিডিও হামাস সদস্যদের
বডিক্যামে ধারণ বলে প্রচার করা হচ্ছে। এর বিষয়বস্তুতে রয়েছে নৃশংসতা। যা অনেককেই বিরক্ত
করেছে।
সোশ্যাল মিডিয়া এক্সের মাধ্যমে মোটামুটি
ভাইরাল যে গল গাদতকে আনফলো করেছেন আনা দে আরমাস। তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনো মন্তব্য
করেননি। এছাড়া গল এখনো তার হলিউড সহকর্মীকে অনুসরণ ফটো শেয়ারিং অ্যাপটিতে।










