সত্যজিৎ রায়ের পরিচালনায় মাত্র দুটি
ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘নায়ক’। সে সিনেমার স্বত্ব
কিনতে চলেছেন কলকাতার নায়ক-প্রযোজক দেব। তবে কি তিনি মহানায়কের জুতোয় পা গলাতে চলছেন?
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে,
দেব অভিনয় করবেন কিনা এখনও খোলাসা হয়নি। তবে তিনি যে সত্যজিৎ রায় নির্মিত এই ছবির
স্বত্ব কিনছেন তা স্পষ্ট।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা
জানিয়েছেন, চুক্তি না হলেও সত্যজিতের ছেলে সন্দীপ রায় মৌখিক সম্মতি দিয়েছেন।
প্রশ্ন উঠেছে সেই ছবি কে বানাবেন। প্রতিবেদনে
এসেছে সৃজিত মুখোপাধ্যায় ও রাইকমল মুখোপাধ্যায়ের নাম। দেব জানিয়েছেন, ‘নায়ক ছবিটি
আমার অত্যন্ত পছন্দের ছবি। তবে স্বত্ব কিনছি মানে এখনই হচ্ছে না ছবিটি। নায়ক এমন একটা
প্রজেক্ট যা দীর্ঘকালীন পরিকল্পনা করে এগোতে হয়। আগামীতে হবে এই কাজটা, তাই স্বত্ব
কিনে রাখলাম।’
‘নায়ক’-এর একটি দূরবর্তী রিমেক এর আগে
টালিগঞ্জে দেখা গেছে। সৃজিতের অভিষেক সিনেমা ‘অটোগ্রাফ’ ছিল ক্লাসিক সিনেমাটির রিমেক
হওয়া নিয়েই। যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত
বায়োপিক ‘বাঘা যতীন’। ছবিটি ভালোই ব্যবসা করেছে। বড়দিনের মৌসুমে আসছে ‘প্রধান’। অভিজিৎ
সেন পরিচালিত ছবিটিতে দেব ছাড়া আছেন সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা
শঙ্কর।










