ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের দিনকাল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘‌সেলফি’ আশানুরূপ দর্শক টানতে পারেনি। এর মধ্যে আবার টিকিট বিক্রি না হওয়ায় যুক্তরাষ্ট্রে তার কনসার্ট ‘‌দ্য এন্টারটেইনার্স ট্যুর’ বাতিল করে দিয়েছে আয়োজকরা। খবর ম্যাশেবল ইন্ডিয়া।

কনসার্টের জন্য অক্ষয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল মৌনি রায়, নোরা ফাতেহি, দিশা পাটানি এবং সোনম বাজওয়াসহ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় শিল্পীদের। আশা করা হচ্ছিল এবার বেশ ভালোরকম সাড়া পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি এমন দাঁড়াল যে, টিকিট বিক্রি না হওয়ায় বাতিল করা হলো কনসার্টই। 

আয়োজকরা বলছেন, কনসার্ট বাতিলের মূল কারণ ছিল ধীরগতিতে টিকিট বিক্রি। এমন অবস্থায় শো করলে লোকসানের আশঙ্কা ছিল।  

এদিকে অক্ষয়ের মুখপাত্রের বরাতে ফ্রি প্রেস জার্নালের খবর বলছে, মূলত আয়োজকরা প্রমোটারদের পাওনা পরিশোধ করতে না পারায়ই অনুষ্ঠানটি বন্ধ করা হয়। 

তবে এবারের শো বাতিল হলেও অক্ষয় এবং তার সঙ্গীরা পরিকল্পনা অনুযায়ী পরবর্তী শোয়ের প্রস্তুতি নিচ্ছেন। 

’সেলফি’ মিলিয়ে পরপর ৬টি সিনেমার ভরাডুবি দেখলেন অক্ষয় কুমার। এ সব চলচ্চিত্রের ‘ব্যর্থতা’র দায় নিজের কাঁধে নিয়েছেন এ তারকা।

এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, আমার মনে হয় এটা নিজের দোষেই হয়। দর্শকের চাহিদা, পছন্দ বদলে গেছে। আপনাকেও বদলাতে হবে। আপনাকে নতুন করে শুরু করতে হবে কেননা দর্শক অন্য কিছু চায়।