এ ধারায় সাম্প্রতিকতম সংযোজন ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তবে নাটকটি এবার সমাপ্তির দিকে এগোচ্ছে। ৪৮তম পর্ব প্রচার হয়েছে এরই মধ্যে। ৫২ পর্বে শেষ হবে নাটকটি এবং শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড।

নাটকটি প্রচারের শুরু থেকেই প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকের অনুরোধ ছিল সময় আরো বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর-সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এ নিয়ে দর্শকের বেশ আক্ষেপ ছিল। তবে তা মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে।

বাংলাদেশের টেলিভিশন নাটকে কমেডি দীর্ঘ সময় প্রাধান্য পেয়েছে। পারিবারিক নাটক সেভাবে হচ্ছিল না। যা হচ্ছিল, সেখানে আবেগ ও সম্পর্কের টানাপড়েন হারিয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। এটা আমাদেরই গল্প সে জায়গায় একটি দারুণ কাজ। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকের মধ্যে আলাদা জায়গা করে নেয়।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় এটা আমাদেরই গল্প। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।