চলতি বছরের অক্টোবরে ভারতে যাত্রা করে চরকি। সে ধারাবাহিকতায় চরকি ভারতে তাদের কনটেন্ট নির্মাণ শুরু করছে। এ মাসের শেষে শুরু হবে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’র শুটিং। সিরিজের প্রধান দুই চরিত্রে থাকছেন আরিফিন শুভ ও পশ্চিবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি।

নতুন সিরিজ লহু নিয়ে উচ্ছ্বসিত সোহিনী সরকার। সিরিজের চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী। সোহিনী বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে, এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সঙ্গে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

চলতি বছরটা আরিফিন শুভর জন্য অন্য রকম। সিনেমা হল ও ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি। ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য নয়, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছে তাদের জন্যও এক্সাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।‘

সিরিজটির মাধ্যমে নিজেকে নতুন করে দেখতে চান শুভ। পাশাপাশি নির্মাতাদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। সেই সঙ্গে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্লাটফর্মকে, যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

লহুর জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন তা জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম বা কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরো ভালোভাবে করতে পারব আশা করছি।’

এ ওয়েব সিরিজের প্লট সম্পর্কে পরিচালক রাহুল মুখার্জি বলেন, ‘পাহাড়ি অঞ্চল, সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায়। তারপর কী হয়, তা নিয়েই গল্প। এছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হবে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলব শিল্প দিয়ে।’

এর পাশাপাশি চরকির সঙ্গে কাজ করা প্রসঙ্গে রাহুল বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। দারুণ লাগছে। চরকি একটা ফ্যান্টাস্টিক প্লাটফর্ম। সাধারণত ভারতবর্ষে আমরা যে কাজ করি চরকি সেসব নিয়ম ভেঙে নতুন কিছু করছে।’

এর আগে রাহুল তৈরি করেছেন ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা। দুটি ছবিতেই চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। তার পর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন একটা টিম হিসেবে কাজ করেন। এ ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তারা।

চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘বার্লিন ওয়ালের মতো দেয়ালটা তো এখনই হাতুড়ি দিয়ে ভাঙতে পারছি না, তাই অন্তত গল্পের বিনিময়ে দাগটা কিঞ্চিৎ মুছতে চাই। আমরা গল্প বলি, গল্প বলতে চাই ও আমরা গল্প বলব দুই বাংলা মিলে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি যখন ভারতে প্রেস কনফারেন্স করেছিল তখনই ঘোষণা দিয়েছিল যে খুব শিগগির সেখানকার স্থানীয় শিল্পী-কলাকুশলী নিয়ে কাজ করবে। সে ধারাবাহিকতা ও প্রতিশ্রুতি থেকেই আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে রাহুল মুখার্জির লহু খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো শিল্পী ও ভালো টিম সবকিছুর কম্বিনেশন দিয়ে ভারতে চরকির পদচারণা শুরু হচ্ছে। এ রকম আরো প্রজেক্টের খবর আসতেই থাকবে।’

আরিফিন শুভ আর সোহিনীর সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।