হলিউড অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের আত্মজীবনী ‘ওয়ার্দি’ আজ বইয়ের তাকে ওঠার কথা। কিন্তু তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। আত্মজীবনীতে তিনি বিস্ফোরক একটি তথ্য দিয়েছেন। তিনি ও তার স্বামী উইল স্মিথ ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন! ‘পিপল ম্যাগাজিন’কে দেয়া এক সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট জানান, তাদের দাম্পত্য জীবনে কোনো শান্তি ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকত। তাই সাত বছর ধরে আলাদা থাকছেন তারা। কিন্তু তাদের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি।
বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন উইল স্মিথ। ওয়ার্দিতে ব্যক্তিগত তথ্য উল্লেখ করা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেতা। নিউইয়র্ক টাইমসকে এক ই-মেইলের মাধ্যমে তিনি জানিয়েছেন, তাদের বিয়ে সম্পর্কে জাডার তথ্য তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। বইটি তার জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। জাডা পিঙ্কেটের আত্মজীবনী প্রসঙ্গে উইল স্মিথ জানান, বইটি যেন তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। তিনি তার সঙ্গীকে এক নতুন আলোয় দেখার সুযোগ পেয়েছেন।
তার বিরুদ্ধে দাম্পত্য কলহের অভিযোগ আনলেও জাডা পিঙ্কেটের প্রশংসাই করেছেন উইল স্মিথ। তিনি বলেন, ‘জাডার মধ্যে দৃঢ়তা, বুদ্ধিমত্তা, সহানুভূতিসহ অনেক গুণ আছে।’ তিনি আরো জানান, সঙ্গীর এসব গুণ তিনি কখনো পুরোপুরি বুঝতে পারেননি।
জাডার আত্মজীবনী তার চোখ খুলে দিয়েছে বলে জানান উইল স্মিথ। তিনি বুঝতে পারছেন, তিনি যতটা মনে করেছিলেন, জাডার জীবন তার চেয়েও বেশি রোমাঞ্চকর ও চাহিদাপূর্ণ। তিনি স্বীকার করেছেন যে জাডার এসব বৈশিষ্ট্য বুঝতে না পারার কারণেই তাদের মধ্যে বিবাদের সূত্রপাত। তিনি জানান, দীর্ঘ সময় একত্রে থাকার কারণে অনেক সময় অন্ধত্ব তৈরি হয়। তখন সঙ্গীর সূক্ষ্ম অনেক বিষয় চোখ এড়িয়ে যায়। সৌন্দর্যগুলো যথাযথভাবে চোখে পড়ে না।
জাডা পিঙ্কেটকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত বছর অস্কার অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রককে চড় মেরেছিলেন স্মিথ। তখন তিনি জাডাকে তার স্ত্রী বলে সম্বোধন করেছিলেন। জাডা জানান, তার আগে বহু বছর ধরে উইল স্মিথ তাকে স্ত্রী বলে সম্বোধন করেননি।
দুজন আলাদা থাকলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নেয়ার প্রয়োজন অনুভব করছেন না তারা। জাডা জানান, একই ছাদের নিচে না থাকলেও যেকোনো প্রয়োজনে উইল স্মিথ তাকে পাশে পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










