ঈদে আসছে ‘‌কাজলরেখা’। এর আগে বেশ কয়েকবার ঘোষণা দিলেও সিনেমার মুক্তি পেছানো হয়েছে। তবে এবার নিশ্চিত করা হলো ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। এ কথা জানালেন সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী নিজেই। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। সিনেমাটির মুক্তি নিয়ে মন্দিরা বলেন, ‘এবার আর এর মুক্তির তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। এ ঈদে সিনেমাটি মুক্তি পাবেই।’ 

কাজলরেখা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে। সিনেমার মুক্তি নিয়ে দর্শকও আগ্রহী। হলেও দর্শক টানবে কাজলরেখা, সে আশা করেন মন্দিরা। তিনি দর্শকের উদ্দেশে বলেন, ‘এখন থেকেই পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য প্রস্তুত থাকুন। কারণ ঈদে আরো সিনেমা মুক্তি পাবে। কাজলরেখা যেন দেখার লিস্টে প্রথম থাকে, দর্শকের কাছে আগে থেকেই আমার অনুরোধ।’

সিনেমাটি নির্মাণ করা হয়েছে মৈমনসিংহ গীতিকার কাহিনী অবলম্বনে। গিয়াস উদ্দিন সেলিম অনেক সময় আর শ্রম দিয়েছেন এর পেছনে। সে বিষয়কে উল্লেখ করে মন্দিরা বলেন, ‘চারশত বছরের পুরনো গল্প থেকে নির্মিত কাজলরেখা। ভীষণ যত্ন নিয়ে সিনেমার পরিচালক এটি নির্মাণ করেছেন।’

সিনেমাটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ। সহশিল্পীদের নিয়ে মন্দিরা বলেন, ‘সিনেমায় আমি ছাড়া আরো যারা অভিনয় করেছেন, তাদের অভিনয়ও ভীষণ ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নিজের অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি কাজলরেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আমি জীবনে সবচেয়ে বেশি কষ্ট করেছি। গিয়াস উদ্দিন সেলিম ভাই আমাকে যেভাবে কাজ করতে বলেছেন, যখন যে কষ্ট করতে বলেছেন আমি তা করেছি। আমি জানি না, আমার চরিত্র কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমার বিশ্বাস কাজলরেখাই আমাকে দর্শকের মনে বাঁচিয়ে রাখবে।’ কিছুদিন আগে মন্দিরা চক্রবর্তী মিঠু খানের পরিচালনায় ‘নীল চক্র’ সিনেমার কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ।