নব্বইয়ের দশকে গীতিকার গোলাম মোর্শেদের লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রথম সারির শিল্পীরা। এবার তিনি শিল্পী সাব্বির নাসির এবং সম্পা বিশ্বাসের জন্য প্রথমবার ফোক গান লিখেছেন। নতুন এ গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘মনের ব্যথা’। রূপকের সুরে গানটির মিক্স, মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণে কাজ করেছেন প্রীতুল, ইভান ও তাহসিন।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বলেন, একদিন হঠাৎ শিল্পী সাব্বির নাসির এসে আমাকে একটি ফোক গান লেখার জন্য ধরলেন। এরপর প্রথমবারের মতো ফোক গান লিখলাম। গান হিট করার জন্য লিখিনি, যদি দশজনও গানটি পছন্দ করেন তাহলে আমার কাজ সার্থক। তবে আমার বিশ্বাস গানটি অনেকেই পছন্দ করবেন।

সাব্বির নাসির বলেন, ‘মোর্শেদ ভাইয়ের কথায় এর আগে দুটি গান করেছি। এটা ভাইয়ের প্রথম লোকগান। গভীর মরমি এক গান। রূপকের সুরে একটিমাত্র তারযন্ত্রে বাঁধা এ গান। গানের অধিকাংশ অংশ সম্পা বিশ্বাসের কণ্ঠে গাওয়া। অসাধারণ গেয়েছেন উনি। আমি চেষ্টা করেছি সম্পার সঙ্গে এ গানে সম্পূরক অংশগুলোতে কণ্ঠ দেয়ার। আশা করি লোকগানের শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

গায়িকা সম্পা বিশ্বাস এর আগে সাব্বির নাসিরের সঙ্গে চারটি ডুয়েট গান গেয়েছেন। তিনি বলেন, ‘বিনোদিনী রাই থেকেই শ্রোতা দর্শকদের ভালোবাসা পেয়েছে এ জুটি। গোলাম মোর্শেদ ভাইয়ের গীতিকবিতার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুব ভালো লেগেছে।’

গানটি সাব্বির নাসিরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।